চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি হেরোইন জব্দ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত শনিবার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়। এসআরবি-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামে পাকা সড়কের পাশে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ হেরোইন রাখা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর একটি দল। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
