সখীপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
গতকাল রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মাজারপাড়া ও পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল সেনের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন সখীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া। অভিযানে উপজেলার দাড়িয়াপুর গ্রামের মাজারপাড়া থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ লাভলু মিয়া (৫৫) ও শাহজাহান মিয়া (৫৮) নামের দুজনকে আটক করা হয়।
অপরদিকে, গড়গোবিন্দপুর গ্রাম থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আরেফিন অনু নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত লাভলু মিয়া ও শাহজাহান মিয়াকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অন্যদিকে, আরেফিন অনুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'ক' সার্কেল, জেলা কার্যালয়, টাঙ্গাইল, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (সিপিসি-৩) এবং সখীপুর থানা পুলিশ অংশ নেয়।
