প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৭ সেপ্টেম্বর, ২০২২
শিল্পী ভূপেন হাজারিকা গানে গানে মানবসেবা সম্পর্কে এভাবে তুলে ধরেছেন যে, মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি/ মানুষ পেতে পারে না/ও বন্ধু। বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত মানবতা। অধিকাংশ মানুষই অসহায় দরিদ্র-পীড়িত। করোনার কারণে এ অসহায়ত্ব বেড়ে গেছে কয়েক গুণ। কর্ম বন্ধ হওয়ায় সাধারণ মানুষের অভাবও বেড়ে গেছে। অভাবের তাড়নায় চিন্তিত অস্থির মানুষ স্বাভাবিক কাজকর্ম তথা জীবনযাপনে গতি হারিয়ে ফেলেছে। করোনাভাইরাসের কারণে মানবতার উপকারে আসে, এমন চিন্তাভাবনাও লোপ পেয়েছে। তবে বৈশ্বিক মহামারি করোনায় এসব কর্মহীন ও দুস্থ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই মানবতার সেবায় এগিয়ে এসেছেন।
আর এ মানবসেবার সঙ্গে যারা জড়িত, তাদের সবার মাঝে এ কাজের প্রতি উদ্বুদ্ধকারী হিসেবে যে শক্তি কাজ করে, সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ। যার মাঝে মানবতাবোধ আছে, সেই মানবসেবার এগিয়ে আসে সব সময়। কোনো প্রতিবেশী যদি পেটে ক্ষুদা নিয়ে রাতযাপন করে, কেউ যদি কোনো পথশিশুকে ক্ষুদার তাড়নায় কাতরাতে দেখে আর সে যদি ক্ষুধার্ত প্রতিবেশী কিংবা ক্ষুধার্ত পথশিশুর পাশে এসে না দাঁড়ায়, তার মাঝে মানবতার বলতে কিছু নেই। যার মাঝে মানবতাবোধ আছে, সে অবশ্যই অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে, সহযোগিতা করবে এবং তার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে। আর এটাই হচ্ছে মানবতার সেবা। মানবসেবাই প্রকৃত ধর্ম। আল্লাহকে কাছে পাওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হলো মানবসেবা। পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্ম মানবতার এক জীবন্ত ধর্ম, যে ইসলামের অনুসারীরা যুগে যুগে দুস্থ মানবতার সেবায় কৃতিত্ব ও গৌরবের স্বাক্ষর রেখেছে। একজন মুসলমান হিসেবে প্রতিটি মানুষের কর্তব্য মানুষের দুঃখে-কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। মহান আল্লাহর প্রেরিত নবী রাসুল এবং পীর-আউলিয়ারা যারা ইসলাম প্রচারের জন্য এ দেশে এসেছিলেন, তারা সবাই মানবতার সেবায় নিবেদিত ছিলেন।
আমাদের জীবনে চলার পথে অনেকে আছে, যারা বিপদে পড়ে যায়। তাদের সেই মুহূর্তে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্বও বটে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, অনেকে নানা দুঃখ-কষ্টে জর্জরিত হচ্ছে; কিন্তু খোঁজ-খবর নেয়ার কেউ নেই। এটি হওয়ার কারণ হলো, আমাদের মাঝে এই ধরনের বিষয়গুলোতে উদাসীনতা চলে এসেছে। মানবসেবার বিভিন্ন দিক আছে। যদি তা ছোট ক্ষেত্রও হয়, তবে তার দিকে লক্ষ্য রাখা উচিত। শীতকালে প্রচণ্ড শীতে অনেকে কষ্ট পায়। তাদের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা উচিত। ধর্ম-বর্ণ-নির্বিশেষে এমনকি প্রাণীকুলের জন্যও সেবা করার নির্দেশ ও শিক্ষা ইসলাম দেয়। আমাদের সবাইকে মনে রাখতে হবে, মানুষ হিসেবে আল্লাহ তাওয়ালার কাছে সবাই সমান। কার ধর্ম কী তা পরের বিষয়। কেননা, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করবে- এটাই ধর্মের শিক্ষা। জাতি, ধর্ম নির্বিশেষে সবার প্রতি এমনকি অপরাপর জীব-জন্তুর প্রতি দয়া প্রদর্শন করাই হচ্ছে ধর্ম।
পরিশেষে বলতে চাই, জীবনে চলার পথে যে মানুষগুলো দুঃখ-কষ্টে জর্জরিত, তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি যে যার অবস্থান থেকে সহযোগতিা করাও অন্যতম মানবসেবা।
বারইয়ারহাট পৌর সদর
মীরসরাই, চট্টগ্রাম