ডিও লেটার সংস্কৃতি : তদবিরের ছায়ায় স্থবির শিক্ষা প্রশাসন
জুবাইয়া বিন্তে কবির
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার প্রশাসন দাঁড়িয়ে থাকে ন্যায়ের, যোগ্যতা ও জবাবদিহিতার ভিত্তিতে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের হাতে। কিন্তু আজকের বাংলাদেশে আমরা যে বাস্তবতার মুখোমুখি, তা গভীর উদ্বেগের। নীতি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বহুবার ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাবের কাছে হার মানছে। সেই রাষ্ট্র, যা গণআন্দোলন, সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে স্বাধীনতার নতুন অধ্যায় শুরু করেছে, তার প্রশাসনিক কাঠামো যদি ডিও লেটারের মতো অনানুষ্ঠানিক প্রভাবের ভারে ন্যুব্জ থাকে, তবে তা শুধু হতাশাজনক নয়, বরং রাষ্ট্রের নৈতিক মেরুদণ্ডের জন্যও হুমকিস্বরূপ। ডিও লেটার আজ শিক্ষা খাতের সিদ্ধান্ত গ্রহণকে বিকৃত করেছে। যোগ্যতা, ন্যায় এবং নৈতিকতা জায়গা হারাচ্ছে; ব্যক্তিগত সুপারিশ ও তদবির দখল করছে প্রশাসনের কেন্দ্রবিন্দু। প্রতিটি ফাইলের পেছনে লুকিয়ে থাকে অদৃশ্য চাপ একটি ফোনকল, এক সুপারিশ, একটি রাজনৈতিক প্রভাব যা কর্মকর্তাদের স্থবির করে, ন্যায়ের পথকে বাধাগ্রস্ত করে এবং জনগণের আস্থা ক্ষুণ্ণ করে। এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ প্রশাসন দেশের ভবিষ্যৎ বিশেষ করে শিক্ষা খাতের ভিত্তি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনৈতিক পরিচয় কখনোই প্রশাসনে অযাচিত প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে না। বরং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো ন্যায় ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনকে মুক্ত রাখা, যাতে যোগ্য ও সৎ কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে।
ডিও লেটার মূলত একটি আধা-সরকারি যোগাযোগের মাধ্যম। কিন্তু বাস্তবে এটি এখন ক্ষমতা ও প্রভাব খাটানোর এক নীরব অস্ত্রে পরিণত হয়েছে। এই চিঠির মাধ্যমে পদোন্নতি, বদলি কিংবা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মতো সিদ্ধান্তকে প্রভাবিত করা হচ্ছে যা প্রশাসনিক ন্যায়বোধকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ স্পষ্টভাবে বলে দেয় কোনো সরকারি কর্মকর্তা তার চাকরি-সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটাতে পারবেন না। কিন্তু যখন সেই আইনকে অগ্রাহ্য করে প্রকাশ্যেই তদবির করা হয়, তখন তা শুধু একটি নিয়ম ভঙ্গ নয়; এটি রাষ্ট্রের আইনি কাঠামোর প্রতি সরাসরি অবজ্ঞা। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় যেন তদবিরের এক অঘোষিত মঞ্চে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ, কর্মকর্তা, শিক্ষক এবং রাজনৈতিক সুপারিশ নিয়ে আগত ব্যক্তির ভিড়ে সেখানে প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ছে। মন্ত্রণালয়ের করিডোরগুলো যেন নীতিনির্ধারণের জায়গা নয়, বরং সুপারিশের বাজারে রূপ নিয়েছে।
একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার মেধাবী মানবসম্পদ। কিন্তু যখন সেই মেধাবীরা তদবিরের অভাবে পিছিয়ে পড়েন, তখন তা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় রাষ্ট্রের জন্যও অপূরণীয় ক্ষতি। যারা যোগ্য, তারা বঞ্চিত হচ্ছেন; আর যারা প্রভাবশালী, তারা সুবিধা পাচ্ছেন। গত দেড় দশকের শাসনামলে প্রশাসন যে দলীয়করণের শিকার হয়েছিল, তার ফল আজও আমরা ভোগ করছি। সেই সময়ের অনিয়ম, পক্ষপাতিত্ব এবং প্রভাবের সংস্কৃতি আজও পুরোপুরি দূর হয়নি। বরং নতুন বাস্তবতায় তা আরও বহুমুখী রূপ নিয়েছে। আগে যেখানে তদবির ছিল একমুখী, এখন তা বহুমুখী। বিভিন্ন রাজনৈতিক দল, প্রভাবশালী গোষ্ঠী এবং ব্যক্তি- সবাই এখন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে। ফলে কর্মকর্তারা নীতিগত সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন।
অনেক কর্মকর্তা আড়ালে স্বীকার করেন তারা জানেন কোন সিদ্ধান্তটি সঠিক, কোনটি ন্যায়সঙ্গত; কিন্তু বাস্তবতার চাপে সেই সঠিক পথে হাঁটার সাহস বা সুযোগ দুটোই সীমিত হয়ে পড়ে। প্রতিটি ফাইলের পেছনে থাকে এক বা একাধিক ফোনকল, সুপারিশ কিংবা প্রভাবশালী কারও চাপ। এই চাপ কখনও সরাসরি, কখনও সূক্ষ্ম কিন্তু ফলাফল একই: ন্যায়ভিত্তিক প্রশাসনিক সিদ্ধান্তের অবক্ষয়। এই নীরব আর্তনাদ কোনো ব্যক্তিগত দুর্বলতার প্রতিফলন নয়; বরং এটি একটি বিকৃত ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও হয়ে পড়েন অসহায় এক যন্ত্রের অংশ।
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন, তাদের প্রতি জনগণের প্রত্যাশা থাকে সর্বোচ্চ নৈতিকতার। তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ প্রশাসনের জন্য দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু যখন তারাই ডিও লেটারের মাধ্যমে ব্যক্তিগত বা রাজনৈতিক সুপারিশ পাঠান, তখন সেটি শুধু একটি চিঠি থাকে না এটি হয়ে ওঠে এক ধরনের অঘোষিত নির্দেশ। ফলে প্রশাসনের ভেতরে তৈরি হয় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ, যেখানে নিয়মের চেয়ে সুপারিশের ওজন বেশি হয়ে দাঁড়ায়। এতে করে প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ হয় এবং নীতিনিষ্ঠ কর্মকর্তারাও ধীরে ধীরে নিরুৎসাহিত হন। ডিও লেটার সংস্কৃতি শুধু তদবিরেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ। বদলি, পদায়ন কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অনৈতিক অর্থনৈতিক বিনিময়ের যে প্রবণতা তৈরি হয়েছে, তা প্রশাসনকে একটি বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে। এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়- বরং ধীরে ধীরে একটি প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। যখন একটি অনিয়ম বারবার ঘটে এবং সেটি সহনীয় বা স্বাভাবিক হিসেবে বিবেচিত হতে শুরু করে, তখন সেটিই হয়ে ওঠে দুর্নীতির সবচেয়ে ভয়ংকর রূপ।
শিক্ষা কোনো সাধারণ খাত নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। এই খাতে যদি যোগ্যতার পরিবর্তে তদবির প্রাধান্য পায়, তাহলে তার প্রভাব পড়বে বহু প্রজন্মের ওপর।
অতীতে আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ পদে (উপাচার্য) নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে আনুগত্য বা লবিং বেশি গুরুত্ব পেয়েছে। এর ফলে অনেক ক্ষেত্রে অযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যারা পরবর্তীতে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এই অভিজ্ঞতা আমাদের সতর্ক করে দেয় যে, শিক্ষা প্রশাসনে একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি করে না এটি একটি জাতির মেধা ও নৈতিকতার ভিত্তিকেই দুর্বল করে। তদবিরের চাপ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণকে শুধু প্রভাবিতই করে না, বরং ধীরগতির করে তোলে। গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন বিলম্বিত হয়, কারণ কর্মকর্তাদের সময় ও মনোযোগের বড় একটি অংশ ব্যয় হয় এসব অনানুষ্ঠানিক অনুরোধ সামাল দিতে। ফলে একটি দেশের শিক্ষা খাত, যা হওয়া উচিত গতিশীল ও ভবিষ্যত-উপযোগী, সেটি হয়ে পড়ে স্থবির এবং প্রতিক্রিয়াশীল। এই সমস্যার প্রভাব কেবল: মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ছড়িয়ে পড়ে মাঠ পর্যায়েও। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা স্থানীয় রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ এবং মিডিয়ার নজরদারির মধ্যে পড়ে প্রায় অসহায় হয়ে পড়েন। একদিকে তাদের উপর নীতিমালা মেনে চলার দায়িত্ব, অন্যদিকে প্রভাবশালীদের সন্তুষ্ট রাখার চাপ এই দ্বৈত বাস্তবতা তাদের কাজের পরিবেশকে করে তোলে জটিল ও অনিরাপদ।
যারা তদবির করতে পারেন না, কিংবা করতে চান না তারা ধীরে ধীরে পিছিয়ে পড়েন। তাদের জায়গা দখল করে নেয় তারা, যারা প্রভাব ও সুপারিশকে দক্ষতার বিকল্প হিসেবে ব্যবহার করতে জানেন। এই প্রবণতা প্রশাসনের ভেতরে এক ধরনের বৈষম্য তৈরি করে, যা দীর্ঘমেয়াদে একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এতে করে মেধা ও সততার মূল্যায়ন কমে যায়, আর অযোগ্যতা ও অনৈতিকতা পুরস্কৃত হয়। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ন্যায়, সমতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবতা এখনও সেই স্বপ্নের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ডিও লেটার সংস্কৃতি সেই বৈপরীত্যেরই একটি প্রতীক, যা আমাদের মনে করিয়ে দেয় সংস্কার এখনও অসম্পূর্ণ। রাজনীতি কখনোই ব্যক্তিগত প্রভাব বিস্তারের মাধ্যম নয়; এটি মূলত জনস্বার্থ রক্ষার একটি দায়িত্বশীল পথ। কিন্তু বাস্তবে অনেক সময় রাজনৈতিক পরিচয় প্রশাসনে অযাচিত হস্তক্ষেপের হাতিয়ার হয়ে ওঠে, যা সুশাসনকে ক্ষতিগ্রস্ত করে। রাজনীতির শক্তি তার সঠিক ব্যবহারে এটি উন্নয়নের পথ দেখাতে পারে, আবার অপব্যবহারে বিশৃঙ্খলাও ডেকে আনতে পারে। তাই নেতৃত্বের দায়িত্ব হলো নীতি ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনকে প্রভাবমুক্ত রাখা। জনপ্রতিনিধিরা জনগণের কথা বলবেন, তবে সেই উদ্যোগ যেন কখনোই নিয়মের ঊর্ধ্বে না যায়- সেখানেই প্রকৃত নৈতিকতার পরিচয়।
এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন গভীর ও কাঠামোগত সংস্কার। প্রথমত, বদলি ও পদায়ন প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় করতে হবে, যেখানে ব্যক্তিগত প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। একটি স্বচ্ছ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ডিও লেটারকে বাধ্যতামূলক নির্দেশ হিসেবে বিবেচনা না করে শুধু একটি সুপারিশ হিসেবে দেখা উচিত। নীতিমালার বাইরে কোনো অনুরোধ গ্রহণ না করার একটি কঠোর অবস্থান নিতে হবে। তৃতীয়ত, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা যদি নিয়মের বাইরে গিয়ে তদবির রক্ষা করেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। একইভাবে, অযৌক্তিক সুপারিশ প্রদানকারীদের ক্ষেত্রেও একটি নীতিগত কাঠামো থাকা প্রয়োজন। বর্তমান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা তারা এই অপসংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে। আইনের কঠোর প্রয়োগ এবং নৈতিক নেতৃত্বই পারে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা রাষ্ট্র পরিচালনায় একটি নৈতিক ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনা করা জরুরি: প্রথমত, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। দ্বিতীয়ত, জনপ্রতিনিধিদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা যেতে পারে, যেখানে সুপারিশ প্রদানের সীমা ও কাঠামো নির্ধারিত থাকবে। তৃতীয়ত, প্রশাসনের ভেতরে নৈতিকতা ও পেশাদারিত্ব বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা চালু করা উচিত। চতুর্থত, অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর ও সহজলভ্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে সাধারণ শিক্ষক ও কর্মকর্তারা নির্ভয়ে তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
ডিও লেটার সংস্কৃতি আমাদের প্রশাসনের দীর্ঘদিনের দুর্বলতার প্রতিফলন, যেখানে নীতি প্রায়ই ব্যক্তিগত প্রভাবের কাছে হার মানে। এই অবস্থা বদলাতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নৈতিক নেতৃত্ব এবং সুশাসনের প্রতি অঙ্গীকার। আজ বাংলাদেশ এমন এক পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের ভিত্তি নির্ধারণ করবে। দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের জনকল্যানমুলক সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন, যেখানে সিদ্ধান্ত হবে যোগ্যতা ও নিয়মের ভিত্তিতে। এই অপসংস্কৃতির অবসানই হতে পারে রাষ্ট্রের নৈতিক পুনর্গঠনের সূচনা।
আমাদের দৃঢ় বিশ্বাস, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যদি এই নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অটল থাকে, তবে বাংলাদেশ অচিরেই এগিয়ে যাবে এক নতুন উচ্চতায় একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রে। সেখানে প্রশাসন হবে নিছক ক্ষমতার কাঠামো নয়, বরং মানুষের সেবার প্রতীক; আর রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকবে অটল সততা, নৈতিকতা ও ন্যায়ের ওপর যার প্রতিধ্বনি শোনা যাবে জনগণের বিশ্বাস ও প্রশংসার কণ্ঠে।
জুবাইয়া বিন্তে কবির
অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট
