মাইক্রোপ্লাস্টিক ও আমাদের ভবিষ্যৎ

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এক সময় প্লাস্টিককে আধুনিক সভ্যতার এক অনন্য আবিষ্কার হিসেবে দেখা হতো। হালকা, টেকসই ও সস্তা হওয়ায় এটি মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কিন্তু সেই সুবিধার আড়ালেই জন্ম নিয়েছে এক ভয়াবহ পরিবেশগত সংকট- মাইক্রোপ্লাস্টিক। চোখে অদৃশ্য এই ক্ষুদ্র কণা এখন শুধু পরিবেশেই নয়, মানবদেহের ভেতরেও প্রবেশ করছে, যা ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। মাইক্রোপ্লাস্টিক হলো সাধারণত ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা, যা বড় প্লাস্টিক ভেঙে তৈরি হয় অথবা কসমেটিকস, সিন্থেটিক ফাইবার ও শিল্পপণ্য থেকে সরাসরি পরিবেশে প্রবেশ করে। একবার পরিবেশে মিশে গেলে এগুলো সহজে নষ্ট হয় না; বরং দীর্ঘ সময় ধরে মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ে এবং খাদ্যচক্রের অংশ হয়ে যায়। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক এখন মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে পাওয়া যাচ্ছে। কিছু আন্তর্জাতিক গবেষণায় (Nwe Mexico University, 2024–2025) মানব মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সময়ের সঙ্গে বাড়ছে এবং ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এর মাত্রা তুলনামূলকভাবে বেশি পাওয়া যাচ্ছে। একইভাবে University of Rhode Island (2025) এর প্রাণীভিত্তিক গবেষণায় দেখা গেছে, পলিস্টাইরিন মাইক্রোপ্লাস্টিক স্নায়ুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা দুর্বল করতে পারে। আরও উদ্বেগজনক বিষয় হলো, এই ক্ষুদ্র কণা মস্তিষ্কে পৌঁছে সূক্ষ্ম রক্তনালীগুলোতে বাধা সৃষ্টি করতে পারে বলে পরীক্ষামূলক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। ফলে আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি বাড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। মাইক্রোপ্লাস্টিক শুধু মস্তিষ্ক নয়, মানব প্রজনন ব্যবস্থার জন্যও ঝুঁকিপূর্ণ। Reproductive Toxicology Studies (2024–2025) অনুযায়ী প্রায় সব মানব প্লাসেন্টায় এই কণা পাওয়া গেছে, যা গর্ভস্থ শিশুর পুষ্টি ও অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে। কিছু গবেষণায় preterm birth-এর ক্ষেত্রে প্লাসেন্টায় মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব বেশি থাকার সম্পর্কও পাওয়া গেছে। হৃদরোগের ক্ষেত্রেও মাইক্রোপ্লাস্টিক নতুন উদ্বেগ তৈরি করছে। The Nwe England Journal of Medicine (2024)-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, যাদের ধমনীর প্লাকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ও মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। একইভাবে Stanford Medicine (2025) গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এসব কণা কোষের জিনগত কার্যক্রম (gene expression) পরিবর্তন করতে পারে। শুধু শরীরেই নয়, আমাদের চারপাশের বাতাসও এখন আর নিরাপদ নয়। University of Vienna (2026) এর গবেষণায় দেখা গেছে, স্থলভাগ- বিশেষ করে শহর ও সড়ক থেকে- বাতাসে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ছে, যা আমরা প্রতিনিয়ত শ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। গাড়ির টায়ারের ক্ষয়, সিন্থেটিক কাপড় ও শিল্পকারখানার ধুলিকণা এর প্রধান উৎস। বাংলাদেশের প্রেক্ষাপটেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। Bangladesh Environmental Studies (2025–2026) অনুযায়ী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও কর্ণফুলীসহ দেশের প্রধান নদীগুলোতে প্লাস্টিক বর্জ্য ভেঙে মাইক্রোপ্লাস্টিকে রূপ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ স্থানীয় পরিবেশ গবেষণাগুলোর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, নদীর পানি ও তলদেশের পলিতে ফাইবার ও প্লাস্টিক ফিল্ম কণার উপস্থিতি স্পষ্ট। এই কণাগুলো মাছের মাধ্যমে খাদ্যচক্রে প্রবেশ করছে এবং শেষ পর্যন্ত মানুষের শরীরে পৌঁছে যাচ্ছে।

বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের মাছ নিয়ে গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক মাছের পাকস্থলীতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে শহরের ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সরাসরি নদীতে প্রবেশ করায় সমস্যা আরও তীব্র হচ্ছে। বাংলাদেশে কৃষি ও মাটি দূষণ নিয়েও উদ্বেগ বাড়ছে। সেচের পানি ও প্লাস্টিক বর্জ্যরে মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মাটিতে জমা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মাটির গুণগত মান কমিয়ে দিতে পারে বলে পরিবেশ গবেষকরা আশঙ্কা করছেন। তবে কিছু আশার দিকও রয়েছে। Texas A&M University (2025) এর গবেষণায় দেখা গেছে, সজনে বীজ, ঢেঁড়শ ও মেথি বীজের মতো প্রাকৃতিক উপাদান পানির মাইক্রোপ্লাস্টিক শোষণ করতে সক্ষম। এটি কম খরচে পরিবেশবান্ধব পানি পরিশোধনের একটি সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, মাইক্রোপ্লাস্টিক এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি বর্তমানের বাস্তবতা। এটি ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক, হৃদপি-, প্রজনন ব্যবস্থা, বাতাস, পানি ও খাদ্য- সবকিছুকে প্রভাবিত করছে। বাংলাদেশও এই বৈশ্বিক সংকটের বাইরে নয়; বরং নদীমাতৃক দেশ হওয়ায় ঝুঁকি আরও বেশি। তাই এখনই সময় প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বাড়ানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং টেকসই বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়ানো।

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল

শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ