বাবা : নীরব ত্যাগের বটবৃক্ষ

মায়মুনা

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে একটি। বাবা শাশ্বত, চির আপন। বাংলায় তিনি পিতা, আর ফারসিতে বাবা। ছোট এই শব্দটির গুরুত্ব আমাদের জীবনে সবথেকে বেশি। ‘বাবা’ ছোট এ শব্দটি আমাদের জীবনে হয়তো সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে কারণ গুরুত্বপূর্ণ এ মানুষটি একজন ‘আনসাং হিরো’র মতো, যিনি আড়ালে থেকে সারা জীবন নীরবে তাঁর দায়িত্ব পালন করে যান; বিপরীতে খুব সামান্য কৃতিত্ব মিলে থাকে। যত বড় বিপদই আসুক না কেন, তিনি তার সর্বস্ব দিয়ে পরিবারকে আগলে রাখেন। বাবা যেন একটি বিশাল বটগাছ। প্রখর রোদ, ঝড় কিংবা জীবনের কঠিন বাস্তবতার উত্তাপ থেকে যিনি তাঁর সন্তানদের ছায়ার মতো রক্ষা করেন। বাইরের পৃথিবী যতই নির্মম হোক না কেন, বাবার উপস্থিতি সবসময় এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি এনে দেয়। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাওয়া মানুষটির ক্লান্তি যেন কখনোই চোখে পড়ে না। ভোরের আলো ফোটার আগেই যার দিনের শুরু, আবার গভীর রাত পর্যন্ত পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবনাই যার সঙ্গী, তিনিই বাবা। আমাদের একটি ছোট চাওয়া পূরণ করতে গিয়ে তার কত শত ইচ্ছাকে মাটিচাপা দেন, তার হিসাব আমরা অনেক সময় বুঝতেই পারি না। একজন বাবা কর্মব্যস্ত একটি দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন, কিন্তু দরজা খুলে সন্তানের মুখ দেখার পর মুহূর্তেই যেন তাঁর সব ক্লান্তি দূর হয়ে যায়। হয়তো তিনি খুব বেশি আবেগ প্রকাশ করতে পারেন না, কিন্তু নীরবে প্রতিটি মুহূর্তে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য প্রার্থনা করে যান। বাবার শাসনের মাঝেও লুকিয়ে থাকে তার গভীর মমতা। তার রাগের ভেতরেও থাকে সন্তানের ভালো থাকার চিন্তা। সন্তানের সামান্য অসুস্থতায় যিনি সারারাত নির্ঘুম কাটান, নিজের কষ্ট ভুলে যিনি পরিবারের সবার চাহিদা পূরণে ব্যস্ত থাকেন, তিনিই বাবা। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় বাবার সেই ত্যাগগুলো অনুভব করতে ভুলে যাই। অথচ আমাদের জীবনের প্রতিটি সাফল্যের আড়ালে একজন বাবার অসংখ্য নির্ঘুম রাত, দুশ্চিন্তা আর পরিশ্রম লুকিয়ে থাকে। তিনি কখনো নিজের কষ্টের কথা বলেন না, শুধু চান তাঁর সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আমাদের কাছে বাবা মানেই অশ্বত্থ বৃক্ষের মতো বিশাল আশ্রয়।

বাবা মানেই যত উদ্ভট আবদার আর ছোট-বড় ইচ্ছা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকের অনেক বাবা সন্তানের বন্ধুও হয়ে উঠেছেন। যদিও আমাদের সময়ে বাবারা ছিলেন একটু রাশভারী। তার ধমক মানেই ছিল বুক কেঁপে ওঠা, পায়ের নিচের মাটি সরে যাওয়া, আর তার বাসায় ফেরার আগেই ঘরে ফিরে আসার এক অদৃশ্য তাড়া। তবুও সেই মানুষটিই ছিলেন আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। কিন্তু বাস্তবতার সবচেয়ে নির্মম দিকটি হলো- যে মানুষটি সারাজীবন পরিবারের জন্য নিজের সমস্ত সুখ, স্বপ্ন আর ইচ্ছাকে বিসর্জন দেন, জীবনের শেষ বয়সে এসে সেই মানুষটিকেই অনেক সময় অবহেলা, একাকিত্ব আর উপেক্ষার শিকার হতে হয়। যে বাবা একসময় সন্তানদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ বার্ধক্যের ভারে কাঁপতে থাকা সেই হাত ধরার মানুষটিই অনেক সময় পাশে থাকেন না। সময় বদলেছে, জীবনযাত্রা বদলেছে, কিন্তু কিছু মানুষের হৃদয়ও যেন অদ্ভুতভাবে বদলে গেছে। ফলে আজ অনেক বাবার জীবন শেষ হয় নিঃসঙ্গতা আর অপেক্ষার দীর্ঘশ্বাসে। বৃদ্ধাশ্রমের নিরব করিডোরগুলো যেন শত শত বাবার না বলা গল্পে ভরা।

সেখানে এমন অনেক বাবা আছেন, যাঁরা একসময় সন্তানের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য নিজের শেষ সম্বলটুকুও বিলিয়ে দিয়েছিলেন। সন্তানের পড়াশোনা, ভবিষ্যৎ, বিয়ে কিংবা প্রতিষ্ঠার জন্য যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তাদের চোখে শুধু অপেক্ষা। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, যে মানুষটি একসময় সন্তানের সামান্য জ্বরেও সারারাত জেগে থাকতেন, বৃদ্ধ বয়সে তার নিজের অসুস্থতার খোঁজ নেওয়ার মতো সময়ও অনেক সন্তানের থাকে না। অথচ সেই মানুষটিকেই বার্ধক্যে এসে অনেক সময় সহ্য করতে হয় অবহেলা আর অবমাননা।

আজকের সমাজে অনেক বাবা-মা নিজেদের ঘরেই যেন অতিথি হয়ে যাচ্ছেন। প্রযুক্তির অগ্রগতি মানুষকে আধুনিক করেছে ঠিকই; কিন্তু অনেক ক্ষেত্রে মানবিকতাকে করেছে সংকীর্ণ। ব্যস্ততার অজুহাতে আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, সেই মানুষগুলোর কথা, যারা নিজেদের পুরো যৌবন আমাদের জন্য উৎসর্গ করেছিলেন। একসময় যে বাবা সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যেতেন, আজ সেই বাবাকেই একা হাসপাতালের বারান্দায় বসে থাকতে দেখা যায়। অনেক বাবা আছেন, যারা কষ্ট পেলেও কিছু বলেন না। কারণ তারা অভিমান করতেও জানেন নীরবে বুকভরা যন্ত্রণা নিয়েও তারা শুধু সন্তানের মঙ্গল কামনা করেন। এটাই হয়তো বাবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা ভেঙে পড়েন; কিন্তু পরিবারকে ভাঙতে দেন না। আমাদের মনে রাখতে হবে, বাবা-মা কখনো বোঝা নন। তারা আমাদের অস্তিত্বের শিকড়। একটি গাছ যেমন শিকড় ছাড়া বাঁচতে পারে না, তেমনি একজন মানুষও বাবা-মায়ের দোয়া, ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া প্রকৃত অর্থে পূর্ণতা পায় না।

জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, বাবার পাশে কিছুটা সময় বসা, তাঁর কথা শোনা, তার একাকিত্ব ভাগ করে নেওয়াই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় শান্তি। কারণ যে মানুষটি পুরো জীবন সন্তানের ভবিষ্যৎ গড়তে কাটিয়ে দিলেন, তার শেষ সময়টুকু যেন ভালোবাসা, সম্মান আর আপন মানুষের উষ্ণতায় ভরে ওঠে এটাই হওয়া উচিত প্রতিটি সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব ও মানবিক কর্তব্য।

মায়মুনা

শিক্ষার্থী, ইডেন মহিলাকলেজ (প্রাণিবিদ্যা বিভাগ)