বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য যুদ্ধের প্রভাব

রহমত উল্লাহ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এক দেশ অন্য দেশের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ, কোটা নির্ধারণ কিংবা বিভিন্ন ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ কার্যকর করলে যে অর্থনৈতিক সংঘাতের সৃষ্টি হয়, তাকে বাণিজ্য যুদ্ধ (Trade War) বলা হয়। এ ধরনের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিকেই প্রভাবিত করে না; বরং বৈশ্বিক বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। বাণিজ্য যুদ্ধের অন্যতম বড় প্রভাব হলো পণ্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি। আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ফলে উৎপাদন ব্যয় বেড়ে যায়, যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর এসে পড়ে। ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় থেকে শুরু করে শিল্পপণ্যের দাম বৃদ্ধি পায়। একইসঙ্গে উৎপাদন প্রক্রিয়া ব্যয়বহুল হয়ে ওঠায় সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয় এবং বৈশ্বিক সাপ্লাই চেইন দুর্বল হয়ে পড়ে।

এ ধরনের পরিস্থিতিতে ব্যবসায়িক অনিশ্চয়তা বৃদ্ধি পায়। ভবিষ্যৎ বাজার পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়েন। এর ফলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হারও শ্লথ হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। এই সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রপ্তানিনির্ভর উন্নয়নশীল দেশগুলোও এর বড় ধরনের ধাক্কা খায়। বৈশ্বিক চাহিদা কমে গেলে তাদের রপ্তানি আয় হ্রাস পায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হয়। বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে একটি কাঠামোগত পরিবর্তনেরও সূচনা করছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা এবং বিকল্প বাজার অনুসন্ধানের প্রবণতা বিশ্ব বাণিজ্যের নতুন বাস্তবতা তৈরি করছে। পাশাপাশি প্রযুক্তি খাতেও এক ধরনের নতুন ‘কোল্ড ওয়ার’-এর আশঙ্কা দেখা দিয়েছে। সেমিকন্ডাক্টর চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম কম্পিউটিংসহ আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একদিকে, আর চীন, রাশিয়া ও তাদের মিত্ররা অন্যদিকে পৃথক প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলছে। এর ফলে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা কমতে পারে, প্রযুক্তি বিনিময় সীমিত হতে পারে এবং উদ্ভাবনের গতি মন্থর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ক্ষুদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে। একটি নির্দিষ্ট দেশ বা বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। খাদ্য, জ্বালানি ও প্রযুক্তি আমদানিতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে অর্থনৈতিক সংকটের সম্ভাবনাও বেড়ে যায়। একইসঙ্গে অর্থনৈতিক বিশ্বায়নের গতি কমে গিয়ে আঞ্চলিক বাণিজ্য জোটের গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই পরিস্থিতি যেমন- চ্যালেঞ্জ, তেমনি নতুন সুযোগও সৃষ্টি করতে পারে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাসের সুযোগ কাজে লাগিয়ে নতুন রপ্তানি বাজার তৈরি করা সম্ভব। তবে এজন্য কৌশলগত ভারসাম্য বজায় রাখা, বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সম্পাদন অত্যন্ত জরুরি। বিশ্ব অর্থনীতি ক্রমেই একটি নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক প্রতিযোগিতা শুধু বাজার দখলের নয়; বরং প্রযুক্তি, ভূরাজনীতি এবং কৌশলগত প্রভাব বিস্তারেরও মাধ্যম হয়ে উঠছে। তাই পরিবর্তিত এই বাস্তবতায় টিকে থাকতে হলে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে দূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনা, রপ্তানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।

রহমত উল্লাহ

শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়