জলাবদ্ধতায় বিপর্যস্ত উত্তর তালবাগ, জরুরি সমাধান প্রয়োজন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঢাকা জেলার সাভার উপজেলাধীন সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর তালবাগ এলাকার চিত্র যেন ‘বাত্তির নীচে অন্ধকার’। পৌরসভার অন্যান্য মহল্লায় উন্নয়ন কাজ হলেও এ এলাকার জলাবদ্ধতা সমস্যা বছরের পর বছর একই রকম রয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই এলাকার চলাচলের রাস্তা, নিচু বাড়িঘর হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। ড্রেনের ময়লা পানি উপচে সড়কে জমে থাকায় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে কয়েকগুণ। প্রতিবছর বর্ষা মৌসুমে এ করুণ দৃশ্য নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

জলাবদ্ধতার কারণে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে। ক্ষুদ্র দোকানীরা ক্রেতা না আসায় লোকসান গুনছেন। অনেক বাড়িঘর ঠিকমতো ভাড়া হচ্ছে না। ভাড়াটিয়ারা এখানে বসবাসে অনীহা প্রকাশ করায় বাড়িওয়ালারাও আর্থিক ক্ষতির মুখে। স্থানীয়দের জানান, গত কয়েক বছরে আশপাশের মহল্লায় পৌরসভার উন্নয়ন ও সংস্কার কাজ হলেও কোনো এক অদৃশ্য কারণে উত্তর তালবাগ বারবার অবহেলিত থেকে যাচ্ছে। বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন দেখা যায়, বর্তমান সরকারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মুহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজ বাসভবনও এ ওয়ার্ডেই। একই সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের পৈতৃক বাড়ি ‘বাদামতলী বিলাস’ও এ এলাকায়। সরেজমিন দেখা যায়, সংসদের বাবার বাড়ির সামনেই হাঁটু সমান পানি জমে আছে।

এলাকাবাসীর দাবি, উত্তর তালবাগের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং ভাঙাচোরা সড়ক মেরামতে সাভার পৌর কর্তৃপক্ষকে দ্রুত বিশেষ উদ্যোগ নিতে হবে। পুরো ৫নং ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খানাখন্দ আর ভাঙা সড়ক রয়েছে এ এবং ই-ব্লকে। বর্ষায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি, যেন বাসিন্দাদের এ দুর্ভোগের দ্রুত অবসান হয়। বাসিন্দারা আশা করছেন, জনগুরুত্বপূর্ণ এ এলাকার সমস্যা সমাধানে কর্তৃপক্ষ এখনই কার্যকর পদক্ষেপ নেবে।

লেখক : মুহাম্মদ হাবিবুল্লাহ, উত্তর তালবাগ, সাভার, ঢাকা।