আত্মহত্যা নয়, সমাধান হোক জীবনের পথে
উম্মে জোবায়দা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমাদের জীবন স্রোতের মতোই বহমান। কখনও জোয়ার, কখনও বা ভাটায় জীবন প্রবাহিত হয়। কখনওই সেটা আমাদের প্রত্যাশামতো হয় না। জীবনে ঘটে যাওয়া- ব্যর্থতা, হতাশা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক চাপ, আর্থিক সংকট কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মতো বিভিন্ন পরিস্থিতি মানুষকে ভীষণভাবে ভেঙে দেয়। তখন অনেকেরই মনে হতে পারে, এ কষ্ট থেকে মুক্তির একমাত্র পথ আত্মহত্যা। আমাদের আশেপাশে অনেকেই আছে যারা এ পথকে বেছে নেয়। কিন্তু আত্মহত্যা কোনো সমস্যার মূল সমাধান নয়; এটি সম্ভাবনাময় একটি জীবনের স্থায়ী সমাপ্তি।
কঠিন সময় যত দীর্ঘই মনে হোক না কেন পরিস্থিতি পরিবর্তনের সুযোগ থাকে এবং সাহায্য চাওয়ার পথও থাকে। তাই সংকটে নিজেকে একা করে না রেখে- বিশ্বাসযোগ্য মানুষ, পরিবার, বন্ধু কিংবা প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে যোগাযোগ করা জরুরি। এ ছাড়া কাউকে অতি দ্রুত বিচার না করে তার কথা মনোযোগ দিয়ে শোনাও একটি গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। জীবনের একটি খারাপ অধ্যায়কে দিয়ে পুরো জীবনকে সংজ্ঞায়িত করা যাবে না। বরং সেগুলো জীবনেরই একটা অংশ। সমস্যাগুলোর কাছে হার মেনে গেলে চলবে না। বরং সেগুলোর মুখোমুখি হয়ে তা সমাধান করাই বুদ্ধিমানের কাজ। তাই আত্মহত্যা নয়, সমাধানই জীবনের কল্যাণের জন্য অপরিহার্য।
লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ
