সামাজিক ব্যাধি

মোহাম্মদ আলী সুমন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চট্টগ্রামের গলি-সবখানেই একই ছবি। কিশোর গ্যাং। নামে 'কিশোর', কাজে ভয়ংকর। ছুরি-চাপাতি হাতে মহড়া, চাঁদাবাজি, ছিনতাই, মাদক, আর এখন হত্যাও। এ যেন এক সামাজিক ক্যান্সার, যা ধীরে ধীরে পুরো জাতির শরীরে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লায়। গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর ফেরেনি। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গল থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত লাশ। মাথায় বাঁশের লাঠির আঘাত।

প্রধান অভিযুক্ত ১৯ বছরের সাইফুল ইসলাম তুহিনসহ আরও কয়েকজন কিশোর গ্রেপ্তার হয়। তুহিন নিজেই একটি গ্যাং গড়ার চেষ্টা করছিল। টিকটকের ভিডিও, অস্ত্রের মহড়া, 'হিরো' হওয়ার নেশা-সব মিলেমিশে এক নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেয়। অপ্রতিমের বাবা বলেন, দশটা ফোন চাইলেও দিতাম। কিন্তু ফোনের জন্যই শিশু হত্যা! এ ঘটনার পর কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান চলে। ২৩ সেপ্টেম্বর রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়। অনেককে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়, কেউ কেউ মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকায় আদালতে পাঠানো হয়। অপরাধ সন্দেহে দাউদকান্দি থানায় আটকের পর কিছু কিশোর থানার আসবাবপত্র ভাঙচুর করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে বেরিয়ে যায়। কুমিল্লা শহরেই অন্তত ২০টি গ্যাং সক্রিয়। চলতি বছরের সাড়ে আট মাসে অন্তত ২৫টি আলোচিত অপরাধে এদের নাম এসেছে। টিকটকে অস্ত্র হাতে মহড়ার ভিডিও ভাইরাল হচ্ছে। ব্যবসায়ীরা ভয়ে শাটার নামিয়ে দোকানে ঢুকে পড়ছেন।

রাজধানীতেও কম নয়। ১৫ সেপ্টেম্বর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে একটি নির্মাণাধীন ভবনে এক কোটি টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং হামলা চালায়। কর্মচারী ইমরানকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। কিন্তু ঘোষণার দুদিন পরই এমন ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার 'কুত্তা শ্রাবণ' অস্ত্রসহ গ্রেপ্তার হয়। চাঁদাবাজি, ছিনতাই- সবই তার দলের কাজ।

র‍্যাবের হালনাগাদ তথ্য বলছে, দেশে এখন ৩৩৯টি কিশোর গ্যাং সক্রিয়। আগে ছিল ২৩৭টি। ঢাকায় একাই ১২৭ থেকে ১৫৯টি গ্যাং। সারা দেশে সদস্য সংখ্যা হাজার হাজার। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা- কোথাও বাদ যায়নি। অপরাধের প্রায় ৪০ শতাংশই কিশোরদের হাতে। খুন, ছিনতাই, চাঁদা, মাদক, ধর্ষণ- সবই।

অভিভাবকদের সচেতনতার অভাব, নাকি আরও কিছু : সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় নেই, স্ক্রিনে সময় বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির অভাব। রাজনৈতিক সংগঠনগুলো কিশোরদের হাতিয়ার বানাচ্ছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থা ভঙ্গুর, প্রশাসনের নজরদারি দুর্বল। মাদকের অবাধ বিচরণ। অনলাইন জুয়া ও টিকটক-ফেসবুকের নেশায় কিশোররা 'হিরো' হতে চায়। দ্রুত টাকা, ক্ষমতা, ভয় দেখানোর আকাঙ্ক্ষা। পরিবার ভেঙে যাচ্ছে, মূল্যবোধ হারাচ্ছে। সোশ্যাল মিডিয়া যেন গ্যাং তৈরির নতুন কারখানা। এ অবস্থা চলতে থাকলে আগামীর বাংলাদেশ কেমন হবে?

করণীয়: বাবা-মাকে সন্তানের বন্ধু হতে হবে। রাতের আড্ডা, মোবাইলের অতিরিক্ত ব্যবহার, অদ্ভুত বন্ধুত্ব- সবকিছুতে নজর রাখতে হবে। স্কুল-কলেজে কাউন্সেলিং চালু করতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে বিকল্প পথে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীল কাজের সুযোগ বাড়াতে হবে। গ্যাংয়ের বদলে স্পোর্টস ক্লাব, যুব ক্লাব গড়ে তুলতে হবে।

রাষ্ট্রকে শক্ত হতে হবে। কিশোর অপরাধীদের জন্য বিশেষ আইন ও সংশোধনাগার জোরদার করতে হবে। অপ্রাপ্তবয়স্ক বলে বারবার মুক্তি পেয়ে আবার অপরাধে জড়ানোর সুযোগ বন্ধ করতে হবে। পৃষ্ঠপোষক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স। সোশ্যাল মিডিয়ায় সহিংস কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা। সমাজকে জাগতে হবে। পাড়া-মহল্লায় কমিটি গড়ে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। শিক্ষক, ধর্মীয় নেতা, নাগরিক সমাজ-সবাইকে একযোগে কাজ করতে হবে। গণমাধ্যমকে শুধু খবর নয়, সচেতনতা তৈরির মাধ্যমও হতে হবে।

লেখক : সাংবাদিক ও সংগঠক