সরকারি হাসপাতালে তথ্যকেন্দ্রের প্রয়োজন

তানজিদ শুভ্র

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সরকারি হাসপাতালে প্রতিদিন নানা বয়স ও শ্রেণির মানুষের আগমন ঘটে। একই ধরনের ভবন, একাধিক বিভাগ ও কক্ষের কারণে হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় গন্তব্য খুঁজে পেতে অনেক রোগী ও স্বজনকে বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে প্রথমবার হাসপাতালে আসা ব্যক্তি, বয়স্ক মানুষ এবং কম শিক্ষিত রোগী-স্বজনদের জন্য বিষয়টি আরও কঠিন হয়ে ওঠে।

অনেক সময় কোথায় বহির্বিভাগ, পরীক্ষা-নিরীক্ষার কক্ষ, টিকিট কাউন্টার বা নির্দিষ্ট চিকিৎসকের কক্ষ তা জানতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয়। এতে সময় নষ্ট হয় এবং রোগীর ভোগান্তিও বাড়ে। জরুরি পরিস্থিতিতে এ ধরনের বিভ্রান্তি আরও সমস্যার সৃষ্টি করতে পারে। প্রতিটি সরকারি হাসপাতালে প্রবেশপথে একটি দৃশ্যমান তথ্যকেন্দ্র স্থাপন করা যেতে পারে। সেখানে প্রশিক্ষিত কর্মী থাকবেন, যিনি রোগী ও স্বজনদের প্রয়োজনীয় বিভাগ বা সেবার স্থান সম্পর্কে নির্দেশনা দেবেন। পাশাপাশি প্রতিটি তলায় সহজবোধ্য দিকনির্দেশনা ও বিভাগভিত্তিক নামফলক থাকা প্রয়োজন। রোগীর চিকিৎসার পাশাপাশি সঠিক তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করাও জনবান্ধব হাসপাতাল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।

 

মিরপুর. ঢাকা-১২১৬