ধূর্ততা বিজ্ঞতার পরিচায়ক নয়

মো. রুহুল আমীন খান

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চাতুর্যের মাধ্যমে অনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতাই ধূর্ততা। যারা নীতি- নৈতিকতা বিসর্জন দিয়ে সকল ক্ষেত্রে স্বীয় স্বার্থ হাসিলের চেষ্টা করে তারাই মূলত ধূর্ত। বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে ধূর্ততা। কথাবার্তা,আচার-আচরণ ও লেনদেন থথপ্রায় সব ক্ষেত্রেই এর প্রতিফলন দেখা যায়। ধূর্তদের চেনা অনেক কঠিন। তারা মুখে মানুষের কল্যাণ ও মঙ্গলের কথা বলে। কিন্তু তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায় নিছক ব্যক্তিস্বার্থ। ধূর্তরা কৌশলী হলেও তারা বিজ্ঞ ও দূরদর্শী নয়। তারা সাময়িক লাভ-ক্ষতি নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। সর্বক্ষেত্রে নিজের পাওয়া-না-পাওয়ার হিসেব কষে। তারা সামান্য ব্যক্তিস্বার্থের জন্য বৃহত্তর জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। তারা বিচক্ষণ ও দূরদর্শী হলে এমনটা করতো না। শত প্রচেষ্টার সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা হেরে যায়। তাদের অভ্যন্তরীণ কুৎসিত অবয়ব মানুষের চোখে ভেসে ওঠে। তাদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়। তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় মানুষের মনে। মানুষ পরস্পরের ওপর নির্ভরশীল। নানা সময় নানা প্রয়োজনে অন্যের সাহায্য প্রয়োজন। অন্যের সামান্য প্রয়োজন পূরণের সময় নিজের চাতুর্যের মাধ্যমে তাকে ঠকানো, বিনম্র মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করা, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা থথভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা মনুষ্যত্বকে কলঙ্কিত করে। এমন ধূর্ততাপূর্ণ আচরণে পারস্পরিক আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যায়। তৈরি হয় পারস্পরিক মতবিরোধ ও দ্বন্দ্ব। তা ছাড়া ধূর্ততা অনেক সময় অনেকের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কথায় আছেথথঅতি চালাকের গলায় দড়ি। অন্যদিকে, যারা সহজ-সরল তাদের জন্য প্রকৃতি থেকে সাহায্য আসে। কঠিন বিপদ থেকেও তারা আকস্মিকভাবে রক্ষা পেয়ে যায়। আর ধূর্তরা সব সময় সফল হতে পারে না। অধিকাংশ সময় প্রকৃতির অমোঘ নিয়মের কাছেই তাদের পরাজয় বরণ করতে হয়।

মানুষের প্রকৃত মর্যাদা ও সুনাম ধূর্ততার ওপর নির্ভর করে না। নির্ভর করে না এর মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদের ওপর। বরং তা নির্ভর করে জ্ঞান, পরোপকার ও জনকল্যাণমূলক কাজের ওপর। যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন, ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে থাকেন। মাদার তেরেসা, হাজি মুহাম্মদ মহসিন এবং হাতেম তাই এর উজ্জ্বল দৃষ্টান্ত।

লেখক : প্রভাষক, ভাওয়াল মির্জাপুর কলেজ, গাজীপুর