পাবনা জেনারেল হাসপাতালে নেই চক্ষু চিকিৎসক

ব্যাহত ৩২ লাখ মানুষের চিকিৎসাসেবা

শাবলু শাহাবউদ্দিন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পাবনা জেলার প্রায় ৩২ থেকে ৩৫ লাখ সাধারণ জনতার সকল ধরণের স্বাস্থ্য ও চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল 'পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল'। অথচ দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্ষু বিভাগটি সম্পূর্ণ চিকিৎসকশূন্য হয়ে পড়ে রয়েছে। এর ফলে একদিকে যেমন সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রান্তিক ও সাধারণ জনগণ, অন্যদিকে অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের আধুনিক যন্ত্রপাতি।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগে হাসপাতালে একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত থাকলেও তিনি অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। নতুন কোনো চিকিৎসক নিয়োগ বা পদায়ন না হওয়ায় বর্তমানে হাসপাতালের চক্ষু বহির্বিভাগ এবং চক্ষু ওয়ার্ডের সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে চোখের ছানি, গ্লকোমা, দৃষ্টিস্বল্পতা, প্রদাহসহ নানা সমস্যায় আক্রান্ত শত শত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু বহির্বিভাগে এসে টিকিট কেটেও চক্ষু বিশেষজ্ঞ না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। অর্থাভাব ও অসচ্ছলতার কারণে যাদের পক্ষে বেসরকারি ক্লিনিক বা দূরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়, তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাধ্য হয়ে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে অনভিজ্ঞ ফার্মেসি বা ভুয়া চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন, যা স্থায়ী অন্ধত্বের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

শুধু চিকিৎসাসেবা ব্যাহত হওয়াই নয়, দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় হাসপাতালে থাকা কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চক্ষু পরীক্ষা ও অপারেশনের মেশিনগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সঠিক তদারকি ও ব্যবহারের অভাবে এসব মূল্যবান যন্ত্রপাতি ধুলোবালি জমে স্থায়ীভাবে অকেজো বা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের এক চরম অপচয়।

লেখক : কবি ও গল্পকার