কৃষকের হাতে কার্ড, কৃষির পথে নতুন সম্ভাবনা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের কৃষি শুধু অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত নয়, দেশের খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবনের প্রধান ভিত্তিও। অথচ দীর্ঘদিন ধরে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডারের অভাব ছিল। কারা প্রকৃত কৃষক, তাদের কী ধরনের সহায়তা প্রয়োজন এবং সরকারি সুবিধা কতটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে— এসব প্রশ্নের কার্যকর সমাধানে কৃষক কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরকার আগামী চার বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা নিঃসন্দেহে একটি বড় ও সময়োপযোগী উদ্যোগ। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই ৪৩ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের তথ্য সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা এবং পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
কৃষক কার্ডের সবচেয়ে বড় সম্ভাবনা হলো- কৃষকদের জন্য একটি সমন্বিত সেবাব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে— স্বল্প সুদে কৃষিঋণ, সার, বীজ, সেচ, প্রণোদনা, কৃষি বীমা, আবহাওয়া তথ্য ও বালাই ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা সহজে কৃষকের কাছে পৌঁছানো সম্ভব হবে। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এত বড় কর্মসূচির সফলতা নির্ভর করবে তথ্যের নির্ভুলতা, স্বচ্ছতা এবং মাঠপর্যায়ের কার্যকর ব্যবস্থাপনার ওপর। কৃষকের তথ্য সংগ্রহে যেন কোনো প্রকৃত কৃষক বাদ না পড়েন, আবার অযোগ্য কেউ যেন সুবিধা নিতে না পারেন— সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। ব্যাংক হিসাব খোলা থেকে কার্ড বিতরণ এবং পরবর্তী সময়ে সহায়তা প্রদান— প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র বা আর্থিক সহায়তার মাধ্যম হয়ে থাকলে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাবে না। এটি হতে পারে কৃষির আধুনিকায়ন, কৃষকের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, নতুন প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উদ্যোক্তা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।
দেশের কৃষক তার শ্রমে আমাদের খাদ্যের জোগান নিশ্চিত করেন। তাই তাঁর প্রাপ্য সম্মান, সঠিক পরিচয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছ বাস্তবায়ন এবং কার্যকর তদারকির মাধ্যমে কৃষক কার্ড কর্মসূচি সফল হলে বাংলাদেশের কৃষি ও কৃষকের জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
