মিথ্যা অপবাদ ও গুজব নয়
ফিরোজ চিশতী
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মিথ্যা গুজব, অপবাদ ও অপপ্রচার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। সত্যতা যাচাই না করে যেকোনো সংবাদ প্রচার করা, মানুষের সম্মানহানি করা এবং উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে গোনাহের কাজ। ব্যক্তিগত স্বার্থ, লোভ-লালসা, হিংসা-প্রতিহিংসা কিংবা অন্যকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা সংবাদ ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা তা যাচাই করে নাও। (সুরা আল-হুজুরাত, আয়াত ৬)।
রাসুলুল্লাহ (সা.) মিথ্যা প্রচার ও অন্যের সম্মানহানির বিষয়ে কঠোর সতর্কবাণী দিয়েছেন। 'কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই প্রচার করে।' (সহিহ মুসলিম, মুকাদ্দিমা, হাদিস ৫)। সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। (সহিহ বুখারি, হাদিস ৬০১৮; সহিহ মুসলিম, হাদিস ৪৭)। চোগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ মুসলিম, হাদিস ১০৫)। পরিবারে মিথ্যা অপবাদ ছড়ালে স্বামী-স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়স্বজনের মধ্যে অবিশ্বাস ও সম্পর্কের অবনতি ঘটে। সমাজে গুজব ও অপপ্রচার ছড়ালে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। বিশেষ করে শিল্পকারখানায় শ্রমিক-মালিকের মধ্যে মিথ্যা তথ্য ও উসকানিমূলক প্রচারণা ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করলে কর্মপরিবেশ বিনষ্ট হয়, উৎপাদন ব্যাহত হয় এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
বক্তৃতার মঞ্চ, সামাজিক অনুষ্ঠান, অফিস-আদালত কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—কোথাও যেন মিথ্যা অপবাদ ও ব্যক্তিগত সম্মানহানির চর্চা না হয়। এ ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এ নয় যে, অন্যের মর্যাদা নষ্ট করা কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অধিকার রয়েছে। প্রত্যেকের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। ইসলাম মানুষকে সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, ষড়যন্ত্র করা কিংবা গুজব ছড়িয়ে মানুষের অধিকার ও সম্মান নষ্ট করার জন্য দুনিয়ায় জবাবদিহি করতে হবে। আখেরাতেও এসব অন্যায়ের জন্য মহান আল্লাহর কাছে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। মিথ্যা নয়, সত্যের পক্ষে দাঁড়াই; অপবাদ নয়, সম্মান করি; গুজব নয়, সত্যতা যাচাই করি। পরিবার, সমাজ ও শিল্পকারখানায় শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করি। মিথ্যা গুজব ও অপপ্রচারে অস্থিরতা নয়, সর্বত্র বয়ে চলুক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের সুবাতাস।
লেখক : সূফি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠাতা, বাব-ই-ইয়াছিন 'গুলশান-ইয়াছিন মনজিল', এলাহাবাদ, দেবিদ্বার, কুমিল্লা
