দ্বিমুখী নীতির বলি বিশ্বশান্তি

রিনা আক্তার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা এক অভূতপূর্ব ও ভয়ংকর মানবিক সংকটের জন্ম দিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন, ইউক্রেনে দীর্ঘায়িত রক্তক্ষয়ী সংঘাত এবং মিডিয়ার অন্তরালে সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে উজঈ চলা ভয়াবহ গৃহযুদ্ধ মানবসভ্যতার নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। গাজার ধ্বংসস্তূপ ও সুদানের দুর্ভিক্ষ আজ বিশ্ব বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেখানে আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং বৈশ্বিক নৈতিকতা চরমভাবে পদদলিত হচ্ছে। আজকের যুদ্ধ শুধু দুটি দেশের সীমানা বা নির্দিষ্ট রণাঙ্গনে সীমাবদ্ধ নেই; এটি পুরো পৃথিবীকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গাজায় নির্বিচার বোমাবর্ষণ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এবং ত্রাণ প্রবেশে সম্পূর্ণ বাধা দেওয়ার মাধ্যমে মানবতার যে চরম লঙ্ঘন ঘটছে, আধুনিক ইতিহাসে তার দৃষ্টান্ত মেলা ভার। এ সংঘাত এখন শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন ও লোহিত সাগর অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে এক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপের সীমানা পেরিয়ে বৈশ্বিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি বাজারে গভীর আঘাত হেনেছে। ন্যাটো ও রাশিয়ার এই সংঘাত বিশ্বকে নতুন এক স্নায়ুযুদ্ধের মুখোমুখি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টির আড়ালে সুদানের গৃহযুদ্ধ ও জাতিগত নিধন লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে এবং তীব্র খাদ্য সংকট তৈরি করেছে। অথচ বৈশ্বিক মোড়লদের কাছে এসব অঞ্চলের মানুষের জীবনের চেয়ে নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। আন্তর্জাতিক আইন যেমন— জাতিসংঘ সনদ, জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইন তত্ত্বগতভাবে যুদ্ধ ও সংঘাতে সাধারণ মানুষের জীবন সুরক্ষার জন্য তৈরি। কিন্তু বাস্তবে এর কার্যকারিতা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। ফিলিস্তিন বা ইউক্রেনে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ঘটলেও আন্তর্জাতিক আদালতগুলোর পক্ষে অপরাধীদের দ্রুত কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক আইনের নিজস্ব কোনো কার্যকর পুলিশ বাহিনী বা বলপ্রয়োগের ব্যবস্থা নেই। প্রভাবশালী রাষ্ট্রগুলো যখন নিজেদের কৌশলগত স্বার্থে আইন লঙ্ঘন করে, তখন আন্তর্জাতিক বিচারব্যবস্থা অসহায় হয়ে পড়ে। এখানেই উন্মোচিত হয় পরাশক্তিগুলোর 'ডাবল স্ট্যান্ডার্ড' বা দ্বিমুখী নীতি— মিত্ররা অপরাধ করলে তা এড়িয়ে যাওয়া এবং বিরোধীরা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি আইনকে পঙ্গু করে দিয়েছে। যুদ্ধ ও সংঘাতে সরাসরি সবচেয়ে বেশি মূল্য চোকাতে হয় সাধারণ ও নিরপরাধ মানুষকে। বিমান হামলা, ড্রোন আক্রমণ ও নির্বিচার বোমাবর্ষণে লাখ লাখ শিশু, নারী ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন এবং নিজ দেশ ছেড়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। এছাড়া হাসপাতাল, স্কুল, পানি সরবরাহ ব্যবস্থা ও বিদ্যুৎকেন্দ্রগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। এমনকি আধুনিক যুদ্ধের হাতিয়ার হিসেবে বোমা ও রাসায়নিক ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে মাটি, পানি ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে যা পরিবেশ হত্যা বা 'ইকোসাইড' নামে পরিচিত। সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট চরমে পৌঁছেছে। এমনকি জীবন ঝুঁকি নিয়ে যারা ত্রাণ ও চিকিৎসা সেবা দিতে যান, সেই মানবিক কর্মীরাও আজ নিরাপদ নন।

বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার মূল দায়িত্ব জাতিসংঘের ওপর থাকলেও বর্তমান ভূ-রাজনীতিতে সংস্থাটির হাত অনেকাংশে বাঁধা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ভিটো ক্ষমতার অপব্যবহারের কারণে ফিলিস্তিন বা ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব পাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাজনৈতিক সমাধান প্রদানে ব্যর্থ হলেও, জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো জীবনঝুঁকি নিয়ে সাধ্যমতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে। ?বর্তমান যুদ্ধ ও মানবাধিকার সংকটের পেছনে বিশ্বশক্তিগুলোর আচরণ সরাসরি জড়িত। পরাশক্তিগুলো নিজেদের আধিপত্য বিস্তার, অস্ত্র ব্যবসা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ টিক রাখতে বিভিন্ন স্থানীয় সংঘাতে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অস্ত্র ও মদদ জুগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধ আজ বহুলাংশে একটি লাভজনক বাণিজ্যিক শিল্পে পরিণত হয়েছে। এ ছাড়া সাধারণ নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর একটি বড় অংশ যুদ্ধ বন্ধের জোড়ালো দাবি তুললেও, প্রভাবশালী রাষ্ট্রগুলোর রাজনৈতিক অনীহার কারণে বৈশ্বিক সংহতি ভেঙে পড়ছে। পশ্চিমা দেশগুলোর মানবাধিকারের বুলি আজ উন্নয়নশীল বিশ্বের চোখে এক নির্মম তামাশায় পরিণত হয়েছে।

 

লেখক : শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইডেন মহিলা কলেজ