বৈশ্বিক ৬.৫ ট্রিলিয়ন ডলারের প্রেক্ষাপটে ঢাকা
আগামীর পথে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট
খালেদ সাইফুল্লাহ মাহমুদ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে সুদমুক্ত ও নৈতিক অর্থায়নব্যবস্থা বা ইসলামিক ফাইন্যান্স এখন আর শুধু মুসলিম বিশ্বের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; বরং এটি বৈশ্বিক অর্থনীতির অন্যতম দ্রুত বর্ধনশীল ও স্থিতিশীল খাতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আর্থিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ এবং ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান আইসিডি'র সদ্য প্রকাশিত 'ইসলামিক ফাইন্যান্স ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬' অনুযায়ী ২০২৫ সালে বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্স খাতের মোট সম্পদ আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ৬.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিশ্বের ১৪০টি দেশের তথ্য বিশ্লেষণভিত্তিক এ প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে খাতটির সম্পদ ১০.৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবে।
বৈশ্বিক এ উত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন (এপ্রিল-জুন ২০২৬) অনুযায়ী, দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের বিনিয়োগের ২৯.১৯ শতাংশ এবং আমানতের ২২.৫৩ শতাংশ এখন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সুশাসনের ঘাটতি, তারল্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, খেলাপি বিনিয়োগের উচ্চহার এবং আলাদা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং আইনের অভাব খাতটিকে এক বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠনের মধ্য দিয়ে খাতটি এখন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। ঠিক এমনই এক সন্ধিক্ষণে খাতটির কাঠামোগত সংস্কার ও হারানো আস্থা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আগামী ২২ থেকে ২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন— 'বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬' (BIFS 2026) এবং 'আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক'। বৈশ্বিক ইসলামিক ফাইন্যান্সের প্রবৃদ্ধি এবং বাংলাদেশের বর্তমান চিত্র পাশাপাশি রাখলে সংস্কারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
বৈশ্বিক বাজারের প্রবৃদ্ধি—
ইসলামিক ব্যাংকিং : বিশ্বে ইসলামিক ব্যাংকিং খাতের সম্পদ প্রায় ৪.৬ ট্রিলিয়ন ডলার, যা মোট সম্পদের ৭১ শতাংশ। বিশ্বের ৮৪টি দেশে এখন ইসলামিক ব্যাংকিং সেবা চালু রয়েছে।
ইসলামিক পুঁজিবাজার : বকেয়া সুকুক (ইসলামিক বন্ড)-এর পরিমাণ ১.১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে; সৌদি আরব এখন বিশ্বের বৃহত্তম সুকুক বাজার। পরিবেশ ও টেকসই উন্নয়নভিত্তিক (ESG) সুকুক ইস্যু ৫৪ শতাংশ বেড়ে রেকর্ড ২৩.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইসলামিক বিনিয়োগ তহবিলের সম্পদ ২২ শতাংশ বেড়ে হয়েছে ৩৭৫ বিলিয়ন ডলার।
তাকাফুল : ইসলামিক বিমা বা তাকাফুল খাতের সম্পদ ৯ শতাংশ বেড়ে ১৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; ৫৪টি দেশে ৪০১টি তাকাফুল অপারেটর ও উইন্ডো সক্রিয় রয়েছে।
হালাল অর্থনীতি : শরিয়াহভিত্তিক অর্থায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বৈশ্বিক হালাল পণ্যের বাজার ২০২৫ সালে প্রায় ৩.৩ ট্রিলিয়ন ডলার ছিল, যা ২০৩৪ সালের মধ্যে ৯.৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন রয়েছে।
শীর্ষ বাজার : ইসলামিক ফাইন্যান্স ডেভেলপমেন্ট ইন্ডিকেটর (IFDI)-এর মূল্যায়নে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান এই খাতের সবচেয়ে উন্নত বাজার হিসেবে নেতৃত্ব দিচ্ছে।
বাংলাদেশের বর্তমান চিত্র—
ব্যাংকিং : পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হওয়ার পর দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের সংখ্যা এখন ছয়টি। এর পাশাপাশি ১৭টি প্রচলিত ব্যাংকের ৫৩টি ইসলামিক শাখা এবং ২২টি ব্যাংকের ৯৯০টি ইসলামিক উইন্ডোর মাধ্যমে জুন ২০২৬ শেষে প্রায় ৪.৬৮ লাখ কোটি টাকার আমানত এবং ৫.৩৭ লাখ কোটি টাকার বিনিয়োগ পরিচালিত হচ্ছে। তবে ২০২৬ সালের মার্চ শেষে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর খেলাপি বিনিয়োগের হার ৫৮.৪ শতাংশে উঠে যাওয়া খাতটির সুশাসন সংকটকেই সামনে এনেছে।
সুকুক ও ইসলামিক পুঁজিবাজার : ২০২০ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর সরকার এ পর্যন্ত সুকুকের মাধ্যমে ৫৩ হাজার কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। চলতি বছরের জুনে দেশের প্রথম স্বল্পমেয়াদি সুকুকে চাহিদার তুলনায় প্রায় ১০ গুণ বেশি আবেদন জমা পড়েছে, যা শরিয়াহভিত্তিক তারল্য ব্যবস্থাপনার উপকরণের ঘাটতিকে স্পষ্ট করে। ২০২৬-২৭ অর্থবছরে সুকুকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শরিয়াহ সূচক 'ডিএসইএস' ২০২৫-২৬ অর্থবছরে ১০ শতাংশের বেশি বেড়েছে; তবে করপোরেট সুকুক ও ইসলামিক মিউচুয়াল ফান্ডের বাজার এখনো সীমিত পরিসরে।
তাকাফুল : দেশে বেশ কয়েকটি ইসলামী জীবন ও সাধারণ বিমা প্রতিষ্ঠান কার্যক্রম চালালেও তাকাফুলের জন্য পৃথক নিয়ন্ত্রক কাঠামো এখনও তৈরি হয়নি। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকাফুলের জন্য আলাদা নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছে। ইসলামী বিমাকারীদের সরকারি সুকুকে বিনিয়োগের নির্দেশনা দিয়েছে আইডিআরএ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাইম ইন্স্যুরেন্সকে ইসলামী শরিয়াহভিত্তিক বিমা ব্যবসার নিবন্ধন দেওয়া হয়েছে।
হালাল খাত : বিশাল বৈশ্বিক বাজারের বিপরীতে বাংলাদেশের হালাল পণ্য রপ্তানি এখনও ১ বিলিয়ন ডলারের নিচে— ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল প্রায় ৯৮.৮৬ কোটি ডলার। ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই— দুই প্রতিষ্ঠানের সমান্তরাল সনদব্যবস্থা এবং সৌদি আরবের মতো বড় বাজারের সঙ্গে পারস্পরিক স্বীকৃতি চুক্তি না থাকায় রপ্তানিকারকদের প্রায়ই বিদেশি সনদের ওপর নির্ভর করতে হচ্ছে।
আইন ও মানদণ্ড : বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রস্তাবিত ইসলামিক ব্যাংকিং আইনের খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে। তবে আন্তর্জাতিক মানদণ্ড, বিশেষত AAOIFI স্ট্যান্ডার্ডের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়াকে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা।
ইসলামি অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় সামিটের প্রথম আসর অনুষ্ঠিত হয়।
চার দিনের পূর্ণাঙ্গ আয়োজন : শীর্ষস্থানীয় শরিয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালট্যান্সি (IFAC) এবং মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আদল অ্যাডভাইজরি'র যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা আওফি (AAOIFI) ও সিআইইএস (CIES)-এর সহযোগিতায় এবারের আয়োজনটি সাজানো হয়েছে। এ বছরের প্রতিপাদ্য— 'ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরিয়াহ-কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ'।
আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক (২২ ও ২৩ নভেম্বর) : প্রথম দুই দিন আন্তর্জাতিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে সুকুক ইস্যু, শরিয়াহ অডিট ও গভর্ন্যান্স, ট্রেজারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
মূল সামিট ও রেগুলেটরস রাউন্ডটেবিল (২৪ নভেম্বর) : রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে প্রায় ৪০০ দেশি-বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে মূল সামিট অনুষ্ঠিত হবে। এতে আর্থিক খাতের তিন নিয়ন্ত্রক সংস্থা— বাংলাদেশ ব্যাংক, বিএসইসি (BSEC) ও আইডিআরএ (IDRA)-এর পাশাপাশি বিডা (BIDA) ও এনবিআর (NBR)-এর শীর্ষ নীতিনির্ধারকরা এক মঞ্চে বসে ইসলামিক ব্যাংকিং, পুঁজিবাজার, তাকাফুল ও করকাঠামোসহ ইসলামিক ফাইন্যান্সের অভিন্ন সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া 'নতুন ইসলামিক ব্যাংক গঠন বনাম প্রচলিত ব্যাংকের রূপান্তর' শীর্ষক সেশনে পাকিস্তানের সফল অভিজ্ঞতা তুলে ধরা হবে।
বিআইএফএস তাকাফুল ফোরাম (২৫ নভেম্বর) : শেষ দিনটি ইসলামিক বিমা বা তাকাফুল খাতের জন্য নির্ধারিত। মালয়েশিয়া ও উপসাগরীয় অঞ্চলের তাকাফুল মডেলের আলোকে বাংলাদেশে তাকাফুলের জন্য পৃথক নিয়ন্ত্রক কাঠামো, শরিয়াহ গভর্ন্যান্স এবং খাতটির নীতিগত ও কাঠামোগত উন্নয়ন নিয়ে এতে আলোচনা হবে।
প্রকাশনা ও ঘোষণাপত্র : সামিটে আওফি শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান শায়খ মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহ'র ইসলামিক ব্যাংকিং বিষয়ক স্মৃতিকথার ইংরেজি অনুবাদের মোড়ক উন্মোচন, 'বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স আউটলুক ২০২৭' প্রকাশ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে 'দ্য বিআইএফএস রেজোলিউশনস ২০২৬' গৃহীত হবে।
আয়োজকদের প্রত্যাশা : আয়োজনটির তাৎপর্য ও খাতটির ভবিষ্যৎ নিয়ে আয়োজক ড. মুফতি ইউসুফ সুলতান (সহ-প্রতিষ্ঠাতা, আইএফএ কনসালট্যান্সি এবং প্রতিষ্ঠাতা ও সিইও, আদল অ্যাডভাইজরি) বলেন, বৈশ্বিক ইসলামিক ফাইন্যান্স যখন সাড়ে ছয় ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, তখন বাংলাদেশকে কেবল প্রথাগত প্রবৃদ্ধিতে আটকে থাকলে চলবে না। আমাদের প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক মানের শরিয়াহ গভর্ন্যান্স। বিআইএফএস ২০২৬ দেশের পাঁচটি প্রধান নিয়ন্ত্রক ও নীতিনির্ধারণী সংস্থাকে এক টেবিলে এনে সেই সংস্কারের পথ সুগম করবে।
মুফতি আব্দুল্লাহ মাসুম (প্রতিষ্ঠাতা ও পরিচালক, আইএফএ কনসালট্যান্সি) মনে করেন, যেকোনো আর্থিকব্যবস্থার মূল ভিত্তি হলো আস্থা ও দক্ষ জনবল। শরিয়াহ অডিট এবং আন্তর্জাতিক মানদণ্ড (AAOIFI) সম্পর্কে আমাদের ব্যাংকার ও কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে পারলে বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স খাত দক্ষিণ এশিয়ার অন্যতম কেন্দ্রে পরিণত হতে পারে।
অর্থনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ : খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, দেশের অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়নে সুকুক এবং গ্রিন বা সাসটেইনেবল ইসলামিক ফাইন্যান্স একটি বড় বিকল্প হতে পারে। সরকারি সুকুকের পাশাপাশি করপোরেট সুকুক, শরিয়াহভিত্তিক মিউচুয়াল ফান্ড ও ইসলামিক রিট (REIT)-এর বিকাশ ঘটলে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে হালাল খাদ্য, প্রসাধনী ও ওষুধশিল্পে শরিয়াহভিত্তিক বাণিজ্য অর্থায়নযুক্ত হলে রপ্তানি বহুমুখীকরণের নতুন দুয়ার খুলতে পারে। এ ছাড়া ইসলামিক ফিনটেক (FinTech) এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসার ঘটলে প্রান্তিক জনগোষ্ঠীকে সহজেই শরিয়াহসম্মত আর্থিকসেবার আওতায় আনা সম্ভব হবে।
আগামীর সম্ভাবনা : বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ ধর্মীয় মূল্যবোধের কারণে সুদমুক্ত আর্থিকসেবা গ্রহণে আগ্রহী। ফলে অভ্যন্তরীণ বাজারের চাহিদা অত্যন্ত শক্তিশালী। তবে আগামীর পথচলায় চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ১. স্বতন্ত্র ও আধুনিক ইসলামিক ব্যাংকিং আইনের দ্রুত চূড়ান্তকরণ ও কার্যকর বাস্তবায়ন। ২. কেন্দ্রীয়ভাবে আন্তর্জাতিক মানের শরিয়াহ গভর্ন্যান্স নিশ্চিত করা। ৩. তারল্য ব্যবস্থাপনার জন্য শক্তিশালী ইসলামিক মানি মার্কেট ও গভীর সুকুক বাজার গড়ে তোলা। ৪. তাকাফুলের জন্য পৃথক নিয়ন্ত্রক কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক হালাল সনদ ব্যবস্থা প্রতিষ্ঠা।
চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স খাতের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে এক কার্যকর সেতুবন্ধন তৈরি করবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য বিআইএফএস ২০২৬-এর অফিশিয়াল ওয়েবসাইট (bifs.ifacbd.com) ভিজিট করা যাবে।
লেখক : সিনিয়র সাংবাদিক
