স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে শয্যা বৃদ্ধির উদ্যোগ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীর তুলনায় শয্যার সংকট দীর্ঘদিনের বাস্তবতা। রাজধানীর বড় হাসপাতাল থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসাপ্রতিষ্ঠান— প্রায় সর্বত্রই অতিরিক্ত রোগীর চাপ দেখা যায়। অনেক ক্ষেত্রে একটি শয্যার জন্য রোগী ও স্বজনদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। শয্যা না পেয়ে বারান্দা, করিডর কিংবা মেঝেতে চিকিৎসা নেওয়ার ঘটনাও অস্বাভাবিক নয়। বিশেষ করে ডেঙ্গু, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বাড়লে সরকারি হাসপাতালগুলোর ওপর চাপ বহুগুণ বেড়ে যায়। এ বাস্তবতায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে আট মাসে ৩ হাজার ৪৮টি শয্যা বৃদ্ধি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি রোগীদের জন্য শয্যা প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের মাধ্যমে দেশের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনস্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন চিকিৎসাসেবার ভৌগোলিক বিস্তারের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যাও দ্বিগুণ করে ১ হাজারে উন্নীত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল, জয়পুরহাট জেনারেল হাসপাতাল, রাঙামাটি জেনারেল হাসপাতাল এবং নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শয্যা বৃদ্ধির উদ্যোগও গুরুত্বপূর্ণ। রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে ৭০০ করা হয়েছে, যা বিশেষায়িত চিকিৎসাসেবার ক্ষেত্রে স্বস্তির খবর। তবে শুধু শয্যার সংখ্যা বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে না। একটি নতুন শয্যা কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ পর্যাপ্ত দক্ষ জনবল। প্রয়োজন ওষুধ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষাগার সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ এবং কার্যকর ব্যবস্থাপনা। অনেক হাসপাতালেই দেখা যায়, অবকাঠামো ও শয্যা থাকলেও জনবলের ঘাটতি কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হয় না। তাই শয্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর জনবল ও অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়াতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার সরকারের নতুন পরিকল্পনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশের বিপুলসংখ্যক মানুষ এখনও উন্নত চিকিৎসার জন্য জেলা শহর কিংবা রাজধানীমুখী হতে বাধ্য হন। উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বাড়ানো গেলে বড় হাসপাতালের ওপর চাপ কমবে। একই সঙ্গে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তিও কমবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এটি হতে পারে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের সূচনা। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তার বাস্তবায়ন ও নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। কোন হাসপাতালে কত শয্যা প্রয়োজন, কোথায় রোগীর চাপ বেশি এবং কোন অঞ্চলে কী ধরনের চিকিৎসাসেবা প্রয়োজন— এসব বিষয় বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। মৌসুমি রোগের প্রাদুর্ভাব বা জরুরি পরিস্থিতির সময় যেন হাসপাতালগুলো অতিরিক্ত চাপ সামাল দিতে পারে, সে সক্ষমতাও গড়ে তুলতে হবে।
সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া সাধারণ মানুষের একটি মৌলিক অধিকার। অর্থনৈতিকভাবে দুর্বল ও নিম্নআয়ের মানুষের বড় অংশ এখনও সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। ফলে শয্যা বৃদ্ধি শুধু অবকাঠামো সম্প্রসারণের বিষয় নয়; এটি মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ানোরও একটি উদ্যোগ। তবে এই উদ্যোগের প্রকৃত সুফল নিশ্চিত করতে হলে বাড়তি শয্যার সঙ্গে বাড়তি চিকিৎসাসামগ্রী, দক্ষ জনবল এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, মানবিক ও জনবান্ধব করতে সরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আট মাসে ৩ হাজারের বেশি শয্যা বৃদ্ধি সেই পথে একটি ইতিবাচক পদক্ষেপ। এখন প্রয়োজন এ উদ্যোগকে টেকসই করা এবং দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা।
