অভিভাবকের অজ্ঞতায় অন্ধকারে আগামী
আমানুর রহমান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সন্তানকে ভালো মানুষ ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন প্রায় প্রত্যেক বাবা-মায়েরই থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ সম্পর্কে যথাযথ ধারণা না থাকলে ভালোবাসা ও সদিচ্ছাও কখনো ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়। সময় বদলেছে, বদলেছে শিক্ষার ধরন, কর্মজগতের চাহিদা ও সফলতার সংজ্ঞা। অথচ অনেক অভিভাবকের চিন্তাভাবনা এখনো আটকে আছে নিজেদের শৈশবের অভিজ্ঞতায়। তারা যে শিক্ষাব্যবস্থায় বড় হয়েছেন, বর্তমান প্রজন্মের শিশুদের পৃথিবী আর তেমন নয়। ফলে সন্তানকে কী শেখানো জরুরি, কোন বিষয়ে পড়ানো উচিত কিংবা ভবিষ্যতের জন্য কোন দক্ষতা অর্জন করা প্রয়োজন— এসব প্রশ্নে অনেক পরিবারই দিশাহারা। সমস্যাটি অনেক ক্ষেত্রে সন্তানের মেধার নয়, বরং অভিভাবকের প্রস্তুতি ও সচেতনতার অভাবের। অপ্রস্তুতির সবচেয়ে বড় প্রকাশ ঘটে সন্তানের পড়াশোনা ও পেশা নির্বাচনের ক্ষেত্রে। কেউ নিজের অপূর্ণ স্বপ্ন সন্তানের কাঁধে চাপিয়ে দেন, কেউ আবার আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীর সন্তানের পথ অনুসরণ করে নিজের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করেন। অথচ কর্মজগতের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫' অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কর্মীদের বর্তমান মৌলিক দক্ষতার প্রায় ৩৯ শতাংশ পরিবর্তিত হতে পারে। একই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭০ শতাংশ নিয়োগকর্তার কাছে বিশ্লেষণী চিন্তাশক্তি অন্যতম অপরিহার্য দক্ষতা। অর্থাৎ শুধু ভালো ফলাফল কিংবা জনপ্রিয় বিষয়ে ডিগ্রি অর্জন করলেই ভবিষ্যৎ নিশ্চিত হবে না। সন্তানের আগ্রহ, মেধা, সক্ষমতা ও পরিবর্তিত কর্মবাজারের বাস্তবতা বিবেচনা করেই তার শিক্ষার পথ নির্ধারণ করতে হবে। অভিভাবক সব বিষয়ে বিশেষজ্ঞ হবেন, এমন প্রত্যাশা নেই; তবে প্রয়োজনীয় বিষয়ে জানার আগ্রহ ও প্রস্তুতি থাকা জরুরি। প্রযুক্তির জগতে অভিভাবক ও সন্তানের প্রজন্মগত ব্যবধান আরও প্রকট। বর্তমান প্রজন্মের অনেক বাবা-মায়ের শৈশব কেটেছে সীমিত প্রযুক্তির যুগে; বিপরীতে তাঁদের সন্তানদের বেড়ে ওঠা স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যালগরিদমনির্ভর পরিবেশে। ফলে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সন্তানকে সঠিক দিকনির্দেশনা দিতে অনেক অভিভাবকই হিমশিম খাচ্ছেন। ইউনিসেফের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ অনুযায়ী, দেশের ৭২.১ শতাংশ পরিবারের ঘরে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। অথচ ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে গত তিন মাসে কম্পিউটার ব্যবহারের হার মাত্র ২.৯ শতাংশ। এই পরিসংখ্যান সরাসরি অভিভাবকদের প্রযুক্তিগত দক্ষতা নির্দেশ করে না; তবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও কার্যকর ডিজিটাল দক্ষতার মধ্যে যে বড় ব্যবধান রয়েছে, তা স্পষ্ট করে। তাই সন্তানকে শুধু মুঠোফোন থেকে দূরে রাখাই সমাধান নয়; বরং অনলাইনে তথ্যের সত্যতা যাচাই, নিরাপদ ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সৃজনশীল কাজে লাগানোর শিক্ষাও দিতে হবে। এ জন্য অভিভাবকদের নিজেদেরও প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে হবে। অন্যদিকে, নম্বর ও জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা শিশুর প্রকৃত শিক্ষাকে সংকুচিত করে ফেলছে। অভিভাবকদের একটি বড় অংশের কাছে পরীক্ষার ফলাফলই সন্তানের মেধা ও যোগ্যতার প্রধান মাপকাঠি। ফলে মুখস্থনির্ভর পড়াশোনা, কোচিং ও গাইড বইয়ের চাপে শিশুর সৃজনশীলতা এবং অনুসন্ধিৎসু মন ক্রমেই দুর্বল হচ্ছে। ইউনিসেফের এমআইসিএস ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৫০.২ শতাংশের ভিত্তিমূলক পাঠদক্ষতা এবং ৩৯.২ শতাংশের ভিত্তিমূলক গণনাদক্ষতা রয়েছে। এই তথ্য আমাদের মনে করিয়ে দেয়, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পাশাপাশি শেখার মৌলিক ভিত্তি শক্তিশালী করাও জরুরি। বর্তমান বিশ্বে বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান, সৃজনশীলতা, যোগাযোগ ও দলগতভাবে কাজ করার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এসব দক্ষতা গড়ে তোলার পরিবর্তে আমরা অনেক সময় সন্তানকে শুধু পরীক্ষায় ভালো করার জন্য প্রস্তুত করি। এতে সনদ অর্জিত হলেও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা তৈরি হয় না।
সন্তানের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র পরিবার। অথচ কর্মব্যস্ততা, একক পরিবারের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে বাবা-মায়ের সঙ্গে সন্তানের আন্তরিক যোগাযোগ ক্রমেই কমছে। একই ছাদের নিচে থেকেও পরিবারের সদস্যরা আলাদা আলাদা পর্দায় ডুবে থাকছেন। ইউনিসেফের এমআইসিএস ২০২৫ অনুযায়ী, ২৪ থেকে ৫৯ মাস বয়সী মাত্র ৩৫.১ শতাংশ শিশু গত তিন দিনে পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের সঙ্গে চার বা তার বেশি ধরনের বিকাশ-উদ্দীপক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। একই সমীক্ষায় দেখা যায়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৭.৬ শতাংশের বাড়িতে তিন বা তার বেশি শিশুতোষ বই রয়েছে। অথচ শিশুর বিকাশের জন্য দামি খেলনা কিংবা আধুনিক প্রযুক্তির চেয়ে বেশি প্রয়োজন বাবা-মায়ের সময়, মনোযোগ ও আন্তরিক সঙ্গ। প্রতিদিনের অল্প কিছু সময়ও যদি গল্প বলা, বই পড়া, খেলাধুলা ও খোলামেলা কথোপকথনের জন্য বরাদ্দ করা যায়, তবে তা শিশুর আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখাও অভিভাবকত্বের সঠিক পদ্ধতি নয়। অনেক বাবা-মা সন্তানের হোমওয়ার্ক করে দেওয়া থেকে শুরু করে বন্ধুত্ব, পড়াশোনা এমনকি জীবনের ছোট-বড় প্রতিটি সিদ্ধান্ত নিজেরাই নিয়ে নেন। মনোবিজ্ঞানে এ ধরনের অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণকে 'হেলিকপ্টার প্যারেন্টিং' বলা হয়। এতে শিশু নিজের সিদ্ধান্ত নেওয়া, ভুল থেকে শেখা এবং সমস্যা সমাধানের সুযোগ হারায়। একইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নামে শাসন, শৃঙ্খলা ও জবাবদিহির প্রয়োজনীয়তাও উপেক্ষা করা উচিত নয়। কঠোর শাসন শিশুর মনে ভয় তৈরি করে, আর সীমাহীন প্রশ্রয় তাকে দায়িত্ববোধ থেকে দূরে সরিয়ে দেয়। তাই প্রয়োজন এমন একটি সম্পর্ক, যেখানে সন্তান নির্ভয়ে নিজের কথা বলতে পারবে, ভুল করলে তা স্বীকার করতে শিখবে এবং নিজের কাজের দায়িত্ব নিতে অভ্যস্ত হবে।
অভিভাবকত্ব কোনো জন্মগত সর্বজ্ঞতা নয়; এটি প্রতিনিয়ত শেখার, জানার ও নিজেকে পরিবর্তন করার একটি দায়িত্বশীল প্রক্রিয়া। সন্তানের ভবিষ্যৎ গড়তে বাবা-মাকে সব বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে না; তবে সময়ের পরিবর্তন বুঝতে হবে, প্রয়োজনীয় তথ্য জানতে হবে এবং সন্তানের নিজস্ব আগ্রহ ও সক্ষমতাকে সম্মান করতে হবে। স্কুলের ফলাফল জানার পাশাপাশি তাকে প্রশ্ন করতে হবে— আজ নতুন কী শিখলে, কী নিয়ে ভাবলে, কোথায় সমস্যায় পড়লে? মনে রাখতে হবে, সন্তানকে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের মাধ্যম বানানো প্রকৃত অভিভাবকত্ব নয়। বরং তার সুপ্ত প্রতিভা চিনে নিয়ে নিজস্ব যোগ্যতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করাই বাবা-মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ সন্তানের ভবিষ্যৎ শুধু তার নিজের পরিশ্রমের ওপর নয়, অভিভাবকের দূরদর্শিতা, সচেতনতা ও প্রস্তুতির ওপরও অনেকাংশে নির্ভরশীল।
লেখক : শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ
