বইবিমুখ প্রজন্ম ও ভবিষ্যৎ
আনিকা বিনতে আজিজ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
একসময় পাঠ্যবইয়ের আড়ালে লুকিয়ে গল্পের বই পড়া ছিল শৈশব-কৈশোরের আনন্দময় অভ্যাস। পরীক্ষার ফাঁকে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কিংবা হুমায়ূন আহমেদের বইয়ে ডুবে থাকার স্মৃতি অনেকের কাছেই আজও অমলিন। অথচ সময়ের পরিবর্তনে সেই চিত্র ক্রমেই ফিকে হয়ে আসছে। হাতে বইয়ের বদলে জায়গা করে নিয়েছে স্মার্টফোন; অবসরের বড় অংশ দখল করছে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও। প্রশ্ন হলো, যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই জাতির নতুন প্রজন্মের কাছে বই কেন ক্রমেই আকর্ষণ হারাচ্ছে?
একটি জাতির মননশীলতা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি তার পাঠাভ্যাস। বই মানুষকে শুধু তথ্য দেয় না, চিন্তা করতে শেখায়, কল্পনাশক্তি প্রসারিত করে এবং অন্যের অভিজ্ঞতা উপলব্ধির সুযোগ তৈরি করে। তাই বই পড়ার প্রবণতা কমে যাওয়া নিছক বিনোদনের অভ্যাস পরিবর্তনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশক্তি ও মূল্যবোধের প্রশ্ন।
আন্তর্জাতিক সাময়িকী সিইওওয়ার্ল্ডের ২০২৪ সালের পাঠাভ্যাসবিষয়ক জরিপে ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। জরিপের তথ্যমতে, বাংলাদেশে একজন পাঠক বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন এবং এ কাজে সময় ব্যয় করেন ৬২ ঘণ্টা। বিপরীতে যুক্তরাষ্ট্রের পাঠকেরা বছরে গড়ে ১৭টি বই পড়েন এবং ব্যয় করেন ৩৫৭ ঘণ্টা। ভারতের ক্ষেত্রে এ সংখ্যা যথাক্রমে ১৬টি বই ও ৩৫২ ঘণ্টা।
তবে জরিপটির নমুনা ও পদ্ধতিগত সীমাবদ্ধতা বিবেচনায় রাখা জরুরি। একে দেশের সব নাগরিকের পাঠাভ্যাসের চূড়ান্ত চিত্র বলা যাবে না। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গবেষকসহ কয়েকজন গবেষকের পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, ৬৯১ জন শিক্ষার্থীর মধ্যে ৮৭ শতাংশ অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও পাঠ্যবইয়ের বাইরে বই পড়ে মাত্র ৩৮ শতাংশ। দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসায় পরিচালিত এ গবেষণার ফলাফলও নিয়মিত পাঠচর্চার ঘাটতির ইঙ্গিত দেয়।
এ প্রবণতার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, ডিজিটাল মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের মনোযোগ ও অবসর যাপনের ধরন বদলে দিয়েছে। রিলস ও শর্ট ভিডিও তাৎক্ষণিক আনন্দ দিলেও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার অভ্যাস গড়ে তোলে না। ফলে বিশ্লেষণধর্মী লেখা কিংবা বই পড়ার ধৈর্য কমছে। তবে প্রযুক্তি নিজে সমস্যা নয়; এর অনিয়ন্ত্রিত ব্যবহারই মূল উদ্বেগ।
দ্বিতীয়ত, পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডিতে আটকে রাখছে। জিপিএ ও নম্বরের প্রতিযোগিতায় সৃজনশীল বই পড়ার সময় ও উৎসাহ দুটিই কমে যাচ্ছে। তৃতীয়ত, পরিবারে পাঠচর্চার পরিবেশের অভাব, পাড়া-মহল্লায় পাঠাগারের স্বল্পতা এবং বইয়ের ক্রমবর্ধমান দাম পাঠকদের নিরুৎসাহিত করছে।
বইবিমুখতার প্রভাব শুধু সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নয়। নিয়মিত বই না পড়লে ভাষার দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিবোধ ও কল্পনাশক্তির বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিচ্ছিন্ন তথ্যের ওপর নির্ভরতা মানুষকে যাচাই না করেই মতামত দিতে উৎসাহিত করে। ফলে গুজব, অপতথ্য ও অসহিষ্ণুতার বিস্তার সহজ হয়।
এ সংকট থেকে উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। শিশুদের হাতে বই তুলে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের নিজেদেরও পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠাগার কার্যক্রম, বই পড়ার নির্দিষ্ট সময় এবং পাঠ-পর্যালোচনার আয়োজন করা প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে সহজলভ্য গণপাঠাগার প্রতিষ্ঠা, গ্রামীণ জনপদে ভ্রাম্যমাণ লাইব্রেরির বিস্তার এবং শিক্ষার্থীদের জন্য বই কেনায় বিশেষ ছাড় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি আন্দোলন দেখিয়েছে, উদ্যোগ থাকলে বইকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। পাশাপাশি ই-বুক ও অডিওবুকের ইতিবাচক ব্যবহারও বাড়াতে হবে।
অমর একুশে বইমেলা এলেই আমাদের মধ্যে বই নিয়ে উৎসাহ দেখা যায়। কিন্তু পাঠাভ্যাস গড়ে ওঠে না কয়েক দিনের উৎসবে; তা তৈরি হয় প্রতিদিনের চর্চায়। একটি মেধাবী, যুক্তিবাদী ও মানবিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনতেই হবে। কারণ বই পড়া মানে শুধু কয়েকটি পৃষ্ঠা শেষ করা নয়; নিজের চিন্তার জগৎকে সমৃদ্ধ করা এবং পৃথিবীকে নতুনভাবে চিনতে শেখা। যে প্রজন্ম বই থেকে দূরে সরে যায়, তার সামনে জ্ঞানের নতুন দিগন্তও সংকুচিত হয়ে আসে। তাই বইকে আবার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী করে তোলার এখনই সময়।
লেখক : শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
