সিটিজেন শ্যাডো ক্যাবিনেট : বিরোধী দলের জবাবদিহিতার নতুন কাঠামো
নজরুল রাসেল
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের কার্যক্রম নজরদারি, পর্যালোচনা, দুর্বলতা চিহ্নিত করা, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুতের লক্ষ্যে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন করার কথা ঘোষণা দেয়। তাদের এ ক্যাবিনেটে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বিশেষায়িত টিম কাজ করবে। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করা হবে।
শ্যাডো ক্যাবিনেটের চর্চা নতুন নয়, এটি ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থায় একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক প্রতিষ্ঠান। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার মতো দেশে বৃহত্তম বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী মনোনীত করে। তাদের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়; বরং নীতি, বাজেট ও আইনপ্রণয়ন প্রক্রিয়া বিশ্লেষণ করা, বিকল্প প্রস্তাব উপস্থাপন করা এবং জনগণের সামনে একটি বাস্তবসম্মত শাসন-দৃষ্টিভঙ্গি তুলে ধরা। কাজেই বাংলাদেশে বিরোধী দলের পক্ষ থেকে শ্যাডো ক্যাবিনেট গঠনের উদ্যোগটি সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে একই চর্চায়, ক্ষমতার ভারসাম্য রক্ষা ও প্রকৃত জনআকাঙ্ক্ষার প্রতিফলনে বিরোধী দলের কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন ও পরামর্শ দেওয়ার জন্যও জনগণের পক্ষ থেকে একটি সংস্থা থাকা অত্যন্ত জরুরি।
সংসদীয় গণতন্ত্রে জবাবদিহি সাধারণত ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কিত একটি ধারণা হিসেবে আলোচিত। কিন্তু গণতন্ত্রকে কার্যকর করতে হলে শুধু সরকারের নয়, বিরোধী দলেরও জনগণের কাছে দায়বদ্ধ থাকা প্রয়োজন। কারণ, শুধু ক্ষমতাসীন দলই নয়, সংসদের বিরোধী দলও জনগণের ভোটে নির্বাচিত হয়; রাষ্ট্রীয় কোষাগার থেকে আর্থিক সুযোগ-সুবিধা পায়, রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করে এবং আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে সংসদীয় বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ করে। বলা বাহুল্য, বিরোধী দল থেকে যারা সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ কিংবা হুইপ নির্বাচিত হন— তারাও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেন।
সুতরাং তারা সংসদের ভেতরে বা বাইরে কতটা গঠনমূলক ভূমিকা রাখছে, বিকল্প নীতি দিচ্ছে কি না, নাকি শুধু রাজনৈতিক অবস্থান গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে— এসব প্রশ্নের উত্তর জানার অধিকার জনগণের রয়েছে। গণতন্ত্রে জবাবদিহি কখনো একমুখী হতে পারে না; এটি ক্ষমতাসীন ও বিরোধী দল— উভয় পক্ষের জন্যই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
একটি কার্যকর গণতন্ত্রে বিরোধী দলকে মনে করা হয় ওয়েটিং গভর্নমেন্ট বা আগামী দিনের সম্ভাব্য সরকার। ফলে, তারা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে জনতুষ্টিবাদী নীতি বা অযৌক্তিক আন্দোলন করছে, নাকি দেশ পরিচালনার জন্য বাস্তবসম্মত ও টেকসই কোনো রোডম্যাপ তৈরি করছে— তা নজরদারিতে রাখা জনগণের নাগরিক দায়িত্ব। অনেক সময় দেখা যায়, প্রধান বিরোধী দল সংসদের ভেতরে বা বাইরে জনগণের প্রকৃত মৌলিক সংকটগুলোকে যথাযথভাবে তুলে না ধরে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে।
এ বাস্তবতায় জনগণের উদ্যোগে একটি সিটিজেন শ্যাডো ক্যাবিনেট বা নাগরিক ছায়া মন্ত্রিসভার ধারণা আলোচনার যোগ্য হতে পারে। এটি হতে পারে একটি স্বাধীন, নির্দলীয় ও গবেষণাভিত্তিক নাগরিক উদ্যোগ, যেখানে শিক্ষাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, আইনজ্ঞ, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, উদ্যোক্তা, পেশাজীবী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। এ সিটিজেন শ্যাডো ক্যাবিনেট বিরোধী দলের গঠিত প্রতিটি মন্ত্রণালয়ের বিশেষায়িত টিমের বিপরীতে নাগরিক ছায়া মন্ত্রী মনোনীত করবে। তারা বিরোধী দলের নীতি, সংসদীয় কার্যক্রম, বিকল্প বাজেট, আইনপ্রস্তাব ও রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করবেন। এ ছাড়া বিরোধী দল আগামীতে সরকারের বিকল্প হিসেবে কতটা প্রস্তুত, তাদের নীতি কতটা বাস্তবসম্মত এবং জনগণের প্রকৃত সমস্যা সমাধানে তাদের অবস্থান কতটা কার্যকর, তাও মূল্যায়ন করবেন। এ ক্যাবিনেটের উদ্দেশ্য হবে সমালোচনা নয়, বরং প্রমাণভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিরোধী দলের গণতান্ত্রিক জবাবদিহিকে আরও শক্তিশালী করা।
সরকারের ভুলত্রুটি ও জবাবদিহি নিশ্চিতে বিরোধী দল শ্যাডো ক্যাবিনেট গঠন করলেও অনেক সময় খোদ তাদের আচরণ ও কর্মকাণ্ডেই চরম দায়িত্বহীনতার প্রকাশ ঘটতে পারে (যদিও আমরা প্রত্যাশা করছি, তাদের ক্ষেত্রে এমনটা ঘটবে না)। কাজেই রাষ্ট্রের মালিক এবং করদাতা হিসেবে জনগণের জানার পূর্ণ অধিকার রয়েছে যে, বিরোধী দল আদৌ বিকল্প কোনো টেকসই রাষ্ট্রীয় নীতি বা রোডম্যাপ তৈরি করছে কি না।
জনগণের নিজস্ব উদ্যোগে গঠিত সিটিজেন শ্যাডো ক্যাবিনেট মূলত একটি নিরপেক্ষ ওয়াচডগ বা নজরদারি ব্যবস্থা হিসেবে কাজ করবে। এ নিরপেক্ষ ওয়াচডগ ব্যবস্থা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিরোধী দল যদি জানে যে তাদের কার্যক্রম কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং স্বাধীন নাগরিক সমাজও মূল্যায়ন করছে, তাহলে তারা আরও তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও নীতিনির্ভর রাজনীতিতে উৎসাহিত হবে।
বিশ্বে এ ধরনের নাগরিক উদ্যোগের ধারণা সম্পূর্ণ নতুন নয়। বিভিন্ন দেশে নীতিনির্ভর গবেষণা প্রতিষ্ঠান (থিংক-ট্যাংক), নাগরিক পর্যবেক্ষণ সংস্থা, স্বাধীন নীতি-পর্যালোচনা প্ল্যাটফর্ম এবং গণতান্ত্রিক জবাবদিহি বিষয়ক সংগঠন সরকার ও বিরোধী দল— উভয়ের কর্মকাণ্ড বিশ্লেষণ করে থাকে। যদিও সিটিজেন শ্যাডো ক্যাবিনেট নামে কোনো সর্বজনীন প্রাতিষ্ঠানিক মডেল এখনো প্রতিষ্ঠিত নয়, তবু নাগরিক-নেতৃত্বাধীন নীতি মূল্যায়ন, সংসদ পর্যবেক্ষণ ও বিকল্প বিশ্লেষণের বিভিন্ন রূপ ইতোমধ্যে বহু গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান। বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দলের গঠিত শ্যাডো ক্যাবিনেটের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে সিটিজেন শ্যাডো ক্যাবিনেট গঠন করাটা একটি সম্ভাব্য গণতান্ত্রিক উদ্ভাবন হিসেবে বিবেচনা করা যেতে পারে।
সিটিজেন শ্যাডো ক্যাবিনেটের সবচেয়ে বড় সুবিধা হতে পারে এটি নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মকে নীতিনির্ভর রাজনীতির সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করতে পারে। জনগণ জানতে পারবে বিরোধী দল বাস্তবসম্মত বিকল্প কর্মপরিকল্পনা উপস্থাপন করছে কি না। এতে সংসদীয় বিতর্ক ও জনপরিসরের রাজনৈতিক আলোচনায় গবেষণাভিত্তিক তথ্যের ব্যবহার বাড়বে। এই ক্যাবিনেট নিয়মিত জনপরিসরে তাদের প্রতিবেদন প্রকাশ করতে পারে; যেখানে বিরোধী দলের সংসদীয় কার্যক্রম, নীতিগত অবস্থান এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকার মূল্যায়ন থাকবে। এর মাধ্যমে নাগরিকরা রাজনৈতিক দলগুলোর সক্ষমতা সম্পর্কে আরো তথ্যভিত্তিক ধারণা লাভ করতে পারবে।
তবে সিটিজেন শ্যাডো ক্যাবিনেট ধারণার সীমাবদ্ধতা ও ঝুঁকিও উপেক্ষা করা ঠিক হবে না। যদি এ ক্যাবিনেট দলীয় প্রভাব, অর্থনৈতিক স্বার্থ বা রাজনৈতিক মেরুকরণের শিকার হয়, তাহলে এটি নিরপেক্ষতার পরিবর্তে নতুন ধরনের রাজনৈতিক সংঘাত সৃষ্টি করতে পারে।
পাশাপাশি প্রতিনিধিত্বের প্রশ্নও এখানে গুরুত্বপূর্ণ; কারা জনগণের প্রতিনিধি হিসেবে এ কাঠামোয় থাকবেন— তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাছাড়া, এ প্ল্যাটফর্মের অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
সেক্ষেত্রে সম্ভাব্য সীমাবদ্ধতা ও ঝুঁকি মোকাবিলায় কিছু নীতি অনুসরণ করা যেতে পারে; যেমন—স্বচ্ছ সদস্য নির্বাচন প্রক্রিয়া, প্রকাশ্য অর্থায়ন কাঠামো, নিয়মিত গবেষণা প্রতিবেদন, বহুমাত্রিক প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক দলের বাইরে স্বাধীন পরিচালনা কাঠামো। সদস্য নির্বাচনের ক্ষেত্রে উন্মুক্ত, স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক নীতি অনুসরণ করা প্রয়োজন, যাতে এটি প্রকৃত অর্থে জনস্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে। পাশাপাশি অর্থায়নের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে।
গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত রয়েছে ধারাবাহিক জবাবদিহিতা, তথ্যভিত্তিক জনআলোচনা এবং নাগরিক অংশগ্রহণে। সরকারের মতো বিরোধী দলও জনগণের আস্থার দাবিদার; তাই তাদের কার্যক্রমও জনস্বার্থের মানদণ্ডে মূল্যায়িত হওয়া উচিত। সেই বিবেচনায় জনগণের উদ্যোগে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক সিটিজেন শ্যাডো ক্যাবিনেটের ধারণা আমাদের বর্তমান রাজনৈতিক সমস্যার তাৎক্ষণিক সমাধান না হলেও গণতান্ত্রিক জবাবদিহি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
একটি পরিণত গণতন্ত্রে রাষ্ট্রক্ষমতার প্রতিটি অংশীদারের মতো বিরোধী দলও যে জনগণের কাছে সমানভাবে জবাবদিহি করবে— এ নীতিকে শক্তিশালী করাই হওয়া উচিত সিটিজেন শ্যাডো ক্যাবিনেটের মূল লক্ষ্য। সিটিজেন শ্যাডো ক্যাবিনেটের ধারণা কোনো রাজনৈতিক দলের বিকল্প নয়, বরং রাজনৈতিক ব্যবস্থাকে আরো স্বচ্ছ, তথ্যভিত্তিক ও জবাবদিহিমূলক করার একটি প্রস্তাব। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে এমন নতুন চিন্তার পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। কারণ একটি পরিণত গণতন্ত্রে জনগণ শুধু ভোটার নয়; তারা রাষ্ট্র পরিচালনার সকল পক্ষের মান পর্যবেক্ষণকারী সক্রিয় অংশীদার।
লেখক : গবেষক ও বিশ্লেষক
