সড়ক দুর্ঘটনা ও পরিবহনব্যবস্থা কবে বদলাবে সড়কের চিত্র

নাজমুল হাসান

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনা বর্তমানে আমাদের দেশে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে সড়কে কারও স্বজন, কারও বন্ধুবান্ধব কিংবা পরিবারের কোনো সদস্যের আহত বা নিহত হওয়ার খবর। প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে একটি পরিবারের দীর্ঘশ্বাস, স্বপ্নভঙ্গ এবং অপূরণীয় ক্ষতি। প্রতিদিন মানুষ যখন সড়কে চলাচল করতে গিয়ে অনিরাপত্তায় ভোগে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? শুধু দুর্ঘটনার পর তদন্ত কিংবা সাময়িক তৎপরতা নয়, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ কোথায়?

সাম্প্রতিক দুটি ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। লক্ষ্মীপুরের রায়পুরের শিক্ষার্থী সাকিব ব্যাপারী আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর রামগঞ্জের পদ্মা বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র ছেলেকে ঘিরে যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা মুহূর্তেই শেষ হয়ে যায়। অন্যদিকে, ৩ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুসফিয়াত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। দুটি ঘটনা ভিন্ন স্থানের হলেও প্রশ্নটি একই— আমাদের সড়ক কতটা নিরাপদ?

সড়ক দুর্ঘটনার জন্য প্রায়ই চালকের বেপরোয়া গতি, অসতর্কতা কিংবা ট্রাফিক আইন অমান্যকে দায়ী করা হয়। কিন্তু সমস্যাটি শুধু চালকের আচরণে সীমাবদ্ধ নয়। অপরিকল্পিত সড়ক, দুর্বল তদারকি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অনিয়ন্ত্রিত পার্কিং এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকা অত্যন্ত উদ্বেগজনক।

আমাদের পরিবহনব্যবস্থায় শৃঙ্খলার অভাবও বড় সমস্যা। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। দুর্ঘটনার পর তদন্ত, মামলা কিংবা সাময়িক প্রতিবাদ হলেও দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ অনেক সময় দৃশ্যমান হয় না। ফলে একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, আর প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে শুধু সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়। চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স যাচাই, যানবাহনের ফিটনেস পরীক্ষা, গতিসীমা নিয়ন্ত্রণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, পর্যাপ্ত ফুটপাত এবং কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে।

সড়ক নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সাকিব কিংবা মাইশার মৃত্যু যেন কেবল সংবাদপত্রের কয়েক দিনের খবর হয়ে না থাকে। তাদের মৃত্যু আমাদের পরিবহনব্যবস্থার দুর্বলতাগুলো সামনে এনেছে। এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি।

কারণ একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, একটি পরিবারের ভবিষ্যৎও বদলে দেয়। প্রশ্ন একটাই— আর কত প্রাণ হারালে আমরা নিরাপদ সড়কের গুরুত্ব বুঝব?

 

লেখক : শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়