ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মার পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ চাই

পদ্মার পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ চাই

নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব, অর্থনীতি, কৃষি ও জীববৈচিত্র্যের সঙ্গে নদ-নদীর প্রবাহ ওতপ্রোতভাবে জড়িত। অথচ উজানে একতরফা পানি প্রত্যাহার, অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশের অনেক নদী আজ অস্তিত্বের সংকটে। এর সবচেয়ে বড় উদাহরণ পদ্মা। ফারাক্কা বাঁধ চালুর পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমেছে। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণা অনুযায়ী, বাঁধ চালুর আগের তুলনায় বর্তমানে পদ্মার পানিপ্রবাহ কমেছে প্রায় ৮০ শতাংশ। এর বিরূপ প্রভাব পড়েছে পদ্মার শাখা ও উপনদীগুলোর ওপরও। একসময় যে নদীগুলো ছিল জনপদের প্রাণ, তার অনেকগুলো আজ মৃত অথবা মৃতপ্রায়।

ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাব বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুদূরপ্রসারী। ১৯৬১ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৭৫ সালে শেষ হওয়া এই বাঁধের মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রত্যাহার করায় পদ্মার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। নদীর বুকে জেগেছে বিস্তীর্ণ চর, সংকুচিত হয়েছে গতিপথ। পদ্মার উৎস থেকে সৃষ্ট পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী শুকিয়ে গেছে। কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমারসহ কয়েকটি নদীও পড়েছে অস্তিত্বের সংকটে। কোথাও হাঁটুপানি, কোথাও একেবারেই পানিশূন্য নদী। এ দৃশ্য শুধু প্রকৃতির বিপর্যয় নয়, মানুষের জীবন-জীবিকার ওপরও বড় আঘাত।

পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর। নদীতে পানি কমলে ভূগর্ভস্থ পানির স্তর, মাটির আর্দ্রতা এবং কৃষিজমির স্বাভাবিক উৎপাদনব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিস্তার কৃষি ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। গবেষণায় উজানের পানি প্রত্যাহারের কারণে কৃষি ও মৎস্যসম্পদের ক্ষতির বিষয়টি উঠে এসেছে। তবে এ ক্ষতির সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও বিবেচনায় রাখতে হবে। দেশের সামগ্রিক ধান উৎপাদন বাড়লেও পর্যাপ্ত পানিপ্রবাহ ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করা গেলে উৎপাদনের সম্ভাবনা আরও বাড়ত— এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

নদীর সঙ্গে মানুষের জীবন ও জীবিকার সম্পর্কও গভীর। পদ্মায় পানি কমে যাওয়ায় মাছের প্রাপ্যতা কমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলেরা। অনেকেই পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন। অন্যদিকে পদ্মার অন্যতম শাখানদী গড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নদীর চর ও নাব্যসংকট মোকাবিলায় খননকাজ করতে হচ্ছে। কিন্তু মূল পদ্মায় পর্যাপ্ত পানি না থাকলে শুধু খনন করে গড়াই কিংবা এর সঙ্গে যুক্ত অন্য নদীগুলোকে দীর্ঘমেয়াদে সচল রাখা সম্ভব নয়। একইভাবে পদ্মার পানির ওপর নির্ভরশীল গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পও বারবার পানি সংকটের মুখে পড়ছে। চার জেলার প্রায় এক লাখ হেক্টর জমির সেচব্যবস্থা এ সংকটের কারণে ঝুঁকিতে রয়েছে।

এ অবস্থায় ভারত-বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে প্রচলিত আলোচনার ধরনেও পরিবর্তন প্রয়োজন। নদীকে কেবল পানির বাণিজ্যিক সম্পদ হিসেবে বিবেচনা করলে চলবে না। নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য, পরিবেশ ও অববাহিকাভিত্তিক বাস্তুতন্ত্রের সুরক্ষাকে আলোচনার কেন্দ্রে আনতে হবে। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন তথ্যভিত্তিক আলোচনা, যৌথ গবেষণা ও কার্যকর কূটনৈতিক তৎপরতা।

পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনাও ঢেলে সাজাতে হবে। নদী দখল ও দূষণ বন্ধ, পরিকল্পিত খনন, পানির অপচয় রোধ এবং জলাভূমি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু বর্ষা মৌসুমের পানি ব্যবস্থাপনা নয়, শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রয়োজন।

পদ্মা শুধু একটি নদী নয়, বাংলাদেশের প্রকৃতি, অর্থনীতি ও অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পানিপ্রবাহ ফিরিয়ে আনার বিষয়টি জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। ফারাক্কাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে দৃঢ় ও ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও কার্যকর সংস্কার আনতে হবে। সময়মতো পদক্ষেপ নেওয়া না হলে পদ্মার সঙ্গে হারিয়ে যাবে আরও বহু নদী, বিপন্ন হবে কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা। নদী বাঁচানো মানে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত