জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা
তালুকদার মঞ্জুর এলাহী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলেও বিশ্বের সাড়ে ৭০০ কোটি মানুষের মধ্যে প্রায় ১৩ কোটি ৫০ লাখ মানুষ এখনো খাদ্যসংকট ও দারিদ্র্যের শিকার। এজন্য বিশ্বের সব উন্নত ও উন্নয়নশীল দেশে গত কয়েক দশকে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবাদি জমি সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, কৃত্রিম বনায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একইসঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অন্যতম প্রধান লক্ষ্যও 'সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা'। জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যকার সংঘাত বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতার অন্যতম কারণে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য দেশের দীর্ঘমেয়াদি সংঘাত বিভিন্ন দেশকে চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকট ও উত্তেজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, অভ্যন্তরীণ জ্বালানি ও আর্থিক সংকট আমাদের সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট খাদ্যসংকট বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর কৃষি ও খাদ্য ব্যবস্থার রূপান্তরকে ত্বরান্বিত করতে হবে। জলবায়ু ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে এই খাতকে কীভাবে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই করা যায়, তা ভাবার এখনই সময়।
হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতা শুধু তেলের দামই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক সার সরবরাহ ব্যাহত করে কৃষি উৎপাদনকেও হুমকির মুখে ফেলছে। কৃষি উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত সার ইউরিয়ার মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় অর্ধেক এবং অন্যান্য প্রয়োজনীয় সারের একটি বড় অংশ উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। সারের এ ঘাটতি সরাসরি খাদ্যশস্যের উৎপাদন কমিয়ে দেবে, যা শেষ পর্যন্ত একটি বৃহৎ বৈশ্বিক খাদ্য সংকটের দিকে নিয়ে যেতে পারে। উৎপাদন খরচ বাড়লে এবং সরবরাহ শৃঙ্খল ঠিকমতো কাজ না করলে কৃষিপণ্যের দামও বাড়বে এবং অনেক খাদ্য আমদানিকারক দেশ অতিরিক্ত মজুতদারির পথে হাঁটবে। ফলে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কায় এখন সবাই উদ্বিগ্ন। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এজেন্ডা-৩০ গৃহীত হয়, যেখানে ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ ১৭টি অভীষ্ট রয়েছে। এর ২ নম্বরে ক্ষুধা ও সব ধরনের অপুষ্টি দূর করার ওপর জোর দেওয়া হয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত জীবন অর্জনের ক্ষেত্রে বিশ্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিয়ে উত্তেজনা ও যুদ্ধের এক উদ্বেগজনক পরিস্থিতি দেখা যাচ্ছে।
এ ছাড়া বর্তমান সময়ে 'জলবায়ু সংকট' এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিবেশগত পরিবর্তনের কারণে দেশের কৃষি উৎপাদন ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, খরা এবং অসময়ে অতিবৃষ্টিসহ নানা কারণে ফসলের ক্ষতি বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা ও উপজেলাগুলোর পানিতে উচ্চমাত্রার লবণাক্ততা দেখা দিয়েছে এবং উত্তরাঞ্চলের কিছু অংশে মরুকরণ প্রক্রিয়া চলছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। গতবছর ০২ ডিসেম্বর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে উপস্থাপিত এক গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এ পরিস্থিতি চলতে থাকলে আগামী ১৫ বছরে দেশের ধানের ফলন ৪ শতাংশ, সবজির ফলন ৪.৩ শতাংশ এবং ডাল জাতীয় ফসলের ফলন ৬.৩ শতাংশ কমে যেতে পারে। একই সময়ে সবজি, ডাল ও তৈলবীজ ফসলের ফলনও চ্যালেঞ্জের মুখে পড়বে। আগামী দেড় দশকে সবজির ফলন ৪.৩ শতাংশ হ্রাস পেতে পারে।
জলবায়ু সংকট ও পরিবেশগত পরিবর্তন শুধু ফসলের ওপরই প্রভাব ফেলবে না, বরং শ্রম উৎপাদনশীলতাও কমিয়ে দেবে। উচ্চ তাপমাত্রার কারণে কৃষি শ্রমিকরা দীর্ঘসময় কাজ করতে পারেন না। এতে কৃষি শ্রমিকের সরবরাহ এবং উৎপাদনশীলতা উভয়ই কমে যাচ্ছে। বিআইডিএস-এর প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে তীব্র তাপ প্রবাহজনিত কারণে শ্রমিকদের আয় ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। শ্রম উৎপাদনশীলতা প্রায় ১১ শতাংশ হ্রাস পাবে, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ হারগুলোর একটি। শ্রম উৎপাদনশীলতা কমে যাওয়ায় কৃষি উৎপাদন হ্রাস পাবে। অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাবে। এর ফলে অর্থনীতিতে ৩.৫ শতাংশ পর্যন্ত সংকোচন দেখা দিতে পারে। জাতিসংঘের পাঁচটি সংস্থা কর্তৃক যৌথভাবে প্রকাশিত 'গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫' এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রতিবেদনগুলোতে চারটি সূচক বিবেচনা করা হয়েছে— খাদ্যের পর্যাপ্ততা, প্রাপ্যতা, ক্রয়ক্ষমতা এবং স্থায়িত্ব। প্রথম দুটি সূচকে আমাদের সমস্যা তুলনামূলক কম থাকলেও, তালিকায় নিচের দিকে অবস্থানের প্রধান কারণ হলো মুদ্রাস্ফীতি এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী ঘাটতি।
ঘন ঘন ঘূর্ণিঝড় এবং পরবর্তী আকস্মিক বন্যার কারনে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। লবণাক্ত পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় মাটি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে এবং দেশের প্রধান ফসল ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বহু জনগোষ্ঠী ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এ চ্যালেঞ্জগুলোর পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতাও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি দরিদ্র পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলছে, যা দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করছে।সবার জন্য খাদ্য নিশ্চিত করতে সরকারকে একটি সমন্বিত ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। খাদ্য নিরাপত্তা কেবল সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্যও অপরিহার্য। উদাহরণস্বরূপ, আফ্রিকা অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার একটি বড় কারণ হলো খাদ্য নিরাপত্তাহীনতা। সবার জন্য খাদ্যের প্রাপ্যতা ও ক্রয়ক্ষমতা নিশ্চিত করতে খাদ্য সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার কোনো বিকল্প নেই। কৃষি উদ্যোক্তা ও গোষ্ঠীগুলোকে সম্পৃক্ত করার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়াও অপরিহার্য। প্রান্তিক কৃষকদের কীভাবে কাজের কেন্দ্রবিন্দুতে রাখা যায়, তা নিয়েও ভাবতে হবে। সর্বোপরি, কাঠামোগত ও সামাজিক বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ক্রমবর্ধমান জনসংখ্যা এবং হ্রাসমান কৃষি সম্পদের বিপরীতে লড়াই করতে হলে আমাদের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেতে হবে। বিভিন্ন অঞ্চলের মধ্যে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবন ও প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সীমিত ফসল বৈচিত্র্য এখনো একটি বড় সমস্যা, যা থেকেও উত্তরন প্রয়োজন। উপযুক্ত প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাব এবং দুর্বল পানি ব্যবস্থাপনা উত্তরন ঘটানো প্রয়োজন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ফসল উৎপাদনে খরচ কমানো, খাদ্য উৎপাদন বৃদ্ধি, আবাদি জমি বাড়ানো, প্রাকৃতিক দুর্যোগ সহনশীল ফসলের জাত উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তনের উপযোগী প্রযুক্তি ও ফসল উদ্ভাবনসহ নানা কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংরক্ষণ সুবিধা বৃদ্ধি, কৃষি উপকরণ সরবরাহ এবং শস্য বিমা চালুর মাধ্যমে ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের টিকিয়ে রাখতে হবে। সম্ভাব্য খাদ্যসংকট মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলীয় মিঠাপানির জলাধারগুলো থেকে দ্রুত লবণাক্ততা দূর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে সবজি, মাছ ও ধান উৎপাদনের ধারা আরও উন্নত হলে এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে, বাংলাদেশ নিজের চাহিদা মিটিয়ে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।
লেখক : ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক
