রপ্তানি প্রবৃদ্ধি
টেক্সটাইল শিক্ষায় পিছিয়ে
রিনা আক্তার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মধ্যেও তৈরি পোশাক শিল্প খাতের রপ্তানি আয় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। গত ২৪ অক্টোবর ২০২৬ দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ১০.৫৭ বিলিয়ন মার্কিন ডলার। শুধু সেপ্টেম্বর মাসেই এ খাতে রপ্তানি আয় এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি। নিঃসন্দেহে এ অর্জন দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যের জন্য আশাব্যঞ্জক। তবে রপ্তানির এ সাফল্যের বিপরীতে দেশের টেক্সটাইল শিক্ষাব্যবস্থার একটি উদ্বেগজনক চিত্রও সামনে এসেছে।
দেশের ১১টি সরকারি টেক্সটাইল কলেজে ৭১ শতাংশের বেশি শিক্ষক পদ শূন্য থাকার তথ্য শিল্পটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্ন হলো, যে শিল্প দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এত বড় ভূমিকা রাখছে, সেই শিল্পের জন্য দক্ষ প্রকৌশলী ও জনশক্তি তৈরির প্রতিষ্ঠানগুলো কেন পর্যাপ্ত শিক্ষক পাচ্ছে না? পোশাকশিল্পের সাফল্য শুধু কারখানার সংখ্যা, উৎপাদনক্ষমতা কিংবা রপ্তানির পরিমাণের ওপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িয়ে আছে দক্ষ শ্রমিক, অভিজ্ঞ টেক্সটাইল প্রকৌশলী, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষা। অথচ এসব দক্ষ জনশক্তি তৈরির অন্যতম প্রধান ভিত্তি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই যদি শিক্ষকসংকট থাকে, তাহলে দীর্ঘমেয়াদে শিল্পটির প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে সংসদ সদস্য মাহবুবা হাকিম সরকারি টেক্সটাইল কলেজগুলোর এ সংকটের বিষয়টি তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, দেশের ১১টি সরকারি টেক্সটাইল কলেজে ৭১ শতাংশের বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের জটিলতা এবং দীর্ঘদিনের পদোন্নতি সমস্যাও শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বিষয়টি শুধু কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষক কম থাকার সমস্যা নয়; বরং দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্পের ভবিষ্যৎ জনশক্তি তৈরির ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। টেক্সটাইল শিক্ষা সাধারণ কোনো তাত্ত্বিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে সুতা উৎপাদন, কাপড় তৈরি, বয়ন, নিটিং, ডাইং, প্রিন্টিং, গার্মেন্টস উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করতে হয়। এসব বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে প্রয়োজন অভিজ্ঞ শিক্ষক, পর্যাপ্ত ব্যবহারিক ক্লাস, আধুনিক ল্যাবরেটরি এবং গবেষণার সুযোগ। কিন্তু শিক্ষকসংকটের কারণে যদি নিয়মিত ক্লাস ও ব্যবহারিক শিক্ষা ব্যাহত হয়, তাহলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন থেকে বঞ্চিত হতে পারে। এর প্রভাব শুধু শিক্ষার্থীদের ফলাফলে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে শিল্পপ্রতিষ্ঠানগুলোও দক্ষ প্রকৌশলী ও প্রশিক্ষিত জনবল সংকটে পড়তে পারে। অন্যদিকে, আন্তর্জাতিক পোশাকবাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ক্রমেই জটিল হচ্ছে।
একসময় তুলনামূলক কম শ্রমব্যয়ের সুবিধা বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি ছিল। কিন্তু বর্তমানে ক্রেতাদের চাহিদা, পরিবেশবান্ধব উৎপাদন, উন্নত প্রযুক্তি, পণ্যের বৈচিত্র্য এবং উৎপাদনের গুণগত মান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু কম দামে পোশাক উৎপাদন করে দীর্ঘদিন আন্তর্জাতিক বাজারে অবস্থান ধরে রাখা সম্ভব নয়। এজন্য প্রয়োজন দক্ষ প্রকৌশলী, প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা এবং নতুন পণ্য উদ্ভাবনের সক্ষমতা। টেক্সটাইল শিক্ষায় দুর্বলতা থাকলে এসব ক্ষেত্রে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতি ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ। সংসদে উত্থাপিত বক্তব্যে সংশ্লিষ্ট প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র ক্যাডারব্যবস্থা না থাকার বিষয়টিও তুলে ধরা হয়েছে। পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়, বিএসটিআই, কাস্টমস ও এনবিআরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে টেক্সটাইল বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। একটি বড় শিল্পখাতের নীতিনির্ধারণ ও তদারকিতে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কারণ শিল্পের বাস্তব সমস্যা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে অভিজ্ঞ প্রকৌশলীদের জ্ঞান নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এই সংকটের সমাধান শুধু শিক্ষক নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রথমত, সরকারি টেক্সটাইল কলেজগুলোর শূন্য পদ পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
দ্বিতীয়ত, প্রতিষ্ঠানগুলোর জন্য সময়োপযোগী ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন এবং পদোন্নতির জটিলতা নিরসন করতে হবে। তৃতীয়ত, প্রতিটি কলেজে প্রয়োজন অনুযায়ী বিভাগভিত্তিক শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাবরেটরি, পর্যাপ্ত ব্যবহারিক সরঞ্জাম এবং গবেষণার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থাও গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান এবং টেক্সটাইল কলেজগুলোর মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করা গেলে শিক্ষার্থীরা বাস্তব শিল্পপরিবেশ সম্পর্কে আরও ভালো ধারণা পাবে। এ ক্ষেত্রে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদেরও দায়িত্ব রয়েছে।
যেসব শিল্পপ্রতিষ্ঠান দক্ষ প্রকৌশলী ও প্রশিক্ষিত জনশক্তির ওপর নির্ভর করে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে, তাদের উচিত শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানো। শিল্পপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কারিগরি প্রশিক্ষণ এবং বাস্তব উৎপাদনব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার সুযোগ তৈরি করতে পারে। এতে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়বে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোও প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল পাবে।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক গর্বের বিষয়। তবে এ অর্জন টেকসই করতে রপ্তানি আয়ের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির ভিত্তিও শক্তিশালী করতে হবে। কারণ শিল্পের সক্ষমতা শুধু বর্তমান আয় নয়, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির ওপরও নির্ভর করে। রপ্তানি আয় বাড়লেও দক্ষ জনবল তৈরির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষকসংকটে ভুগলে তা বৈপরীত্য। টেক্সটাইল শিক্ষার সংকট দ্রুত সমাধান না হলে রপ্তানি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হতে পারে। তাই পোশাকশিল্পের ভবিষ্যৎ সুরক্ষায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন জরুরি।
লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ
