ভুয়া তথ্যের দায় কার?
আনিকা বিনতে আজিজ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিকৃত ছবিকে কেন্দ্র করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা হয়। পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধবিহার ও বসতবাড়ি। দ্য ডেইলি স্টারের পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি ছিল কারসাজি করে তৈরি। একটি মিথ্যা তথ্য কীভাবে মানুষের আবেগকে উসকে দিয়ে ভয়াবহ সহিংসতার জন্ম দিতে পারে, রামুর ঘটনা তার নির্মম উদাহরণ।
একবিংশ শতাব্দীতে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের যোগাযোগ, মতপ্রকাশ ও তথ্যপ্রাপ্তির ধরন বদলে দিয়েছে। পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তেই পৌঁছে যাচ্ছে অন্য প্রান্তে। কিন্তু তথ্যের এই অবাধ প্রবাহের সঙ্গে বেড়েছে গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। কোনটি সত্য, আর কোনটি মিথ্যা— তা নির্ধারণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। মূলধারার সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও সম্পাদনার একাধিক ধাপ থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রাতিষ্ঠানিক যাচাইব্যবস্থা সাধারণত নেই। এখানে যে কেউ যেকোনো তথ্য প্রকাশ করতে পারেন। এ সুযোগ কাজে লাগিয়ে কেউ রাজনৈতিক স্বার্থে, কেউ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে, আবার কেউ নিছক ভিউ ও অর্থ উপার্জনের লোভে মিথ্যা তথ্য প্রচার করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করেছে। এখন কণ্ঠস্বর বা চেহারা নকল করে বিশ্বাসযোগ্য মনে হয়— এমন ভিডিও তৈরি করা সম্ভব।
ভুয়া তথ্যের দ্রুত বিস্তারের পেছনে মানুষের মনস্তত্ত্বও গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে ঝপরবহপব সাময়িকীতে প্রকাশিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক গবেষণায় ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত টুইটারে ছড়িয়ে পড়া প্রায় ১ লাখ ২৬ হাজার সংবাদ বিশ্লেষণ করা হয়। প্রায় ৩০ লাখ ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে পড়া এসব সংবাদ যাচাই করে গবেষকেরা দেখেছেন, মিথ্যা সংবাদ সত্য সংবাদের তুলনায় দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়েছে। মিথ্যা সংবাদ পুনঃপ্রচার হওয়ার সম্ভাবনা সত্য সংবাদের তুলনায় ৭০ শতাংশ বেশি ছিল। অর্থাৎ, ভুয়া তথ্যের বিস্তারে প্রযুক্তির পাশাপাশি মানুষের যাচাইহীন শেয়ার করার প্রবণতাও দায়ী।
প্রথমত, দায়িত্ব সাধারণ ব্যবহারকারীর। কোনো খবর, ছবি বা ভিডিও দেখে আবেগের বশবর্তী হয়ে শেয়ার করার আগে থামতে হবে। তথ্যের উৎস কী, নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে কি না, ছবিটি পুরোনো কোনো ঘটনার কি না— এসব যাচাই করা জরুরি। একটি মিথ্যা তথ্য শেয়ার করাও তার বিস্তারে ভূমিকা রাখে। সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব শুধু মিথ্যা না ছড়ানো নয়, অন্যকে যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত রাখাও।
দ্বিতীয়ত, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায় রয়েছে। ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মের অ্যালগরিদম ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখতে কাজ করে। উত্তেজনাপূর্ণ ও আবেগনির্ভর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়। তাই এসব প্রতিষ্ঠানের উচিত বাংলা ভাষায় তথ্য যাচাইয়ের ব্যবস্থা জোরদার করা, ক্ষতিকর কনটেন্ট শনাক্তে কার্যকর প্রযুক্তি ব্যবহার করা এবং গুজব ছড়ানো অ্যাকাউন্টের বিরুদ্ধে স্বচ্ছ ব্যবস্থা নেওয়া।
তৃতীয়ত, গণমাধ্যম ও ফ্যাক্ট-চেকারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গুজব ছড়িয়ে পড়ার পর দ্রুত, নির্ভুল ও সহজবোধ্য ভাষায় সত্য তুলে ধরতে হবে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিস্তৃত করা এবং তাদের প্রতিবেদন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। চতুর্থত, রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থাকে এগিয়ে আসতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধে আইনের প্রয়োগ হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। তবে শাস্তির ভয় দিয়ে মানুষের অভ্যাস বদলানো যায় না। স্কুল-কলেজের পাঠ্যক্রমে গণমাধ্যম সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের কৌশল অন্তর্ভুক্ত করা জরুরি।
ভুয়া তথ্যের বিস্তার রোধে কোনো একক পক্ষের উদ্যোগ যথেষ্ট নয়। রাষ্ট্র, প্রযুক্তি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক— সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ ও তথ্যনির্ভর ডিজিটাল সমাজ গড়ে তুলতে। সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের হাতে শক্তিশালী একটি মাধ্যম তুলে দিয়েছে; সেটি কল্যাণে ব্যবহৃত হবে, নাকি বিভ্রান্তি ও ক্ষতির কারণ হবে, তা নির্ভর করছে আমাদের সচেতনতার ওপর। তাই কোনো তথ্য শেয়ার করার আগে একবার থামি, যাচাই করি, তারপর সিদ্ধান্ত নিই। কারণ, সত্য যাচাইয়ের দায়িত্ব অন্য কারও নয়— আমাদের সবার।
লেখক : শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
