সিনেমা হল

বাঙালির বিস্মৃত হওয়া আবেগের কথা

অলোক আচার্য

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পারিবারিক বিনোদন বলতে এক সময় আমরা পরিবারের সবাই মিলে মাসে একদিন হলেও সিনেমা হলে যাওয়াকে বুঝতাম। বাড়িতেও সিনেমা দেখতাম, তবে সিনেমা হলে সিনেমা দেখার যে আনন্দ সেটা শুধু হলে গেলেই পেতাম। দিন বদলেছে, এখন সচরাচর কেউ সিনেমা হলে যায় না। কারণ হলগুলোই নেই। আমাদের দেশের সিনেমা হলে সিনেমা দেখার যে সংস্কৃতি ছিল তা অনেক দিন হলো ধ্বংস হয়েছে। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়াতে দেশের সংস্কৃতিতে বিরূপ প্রভাব পড়েছে। দেশের বহু সিনেমা হল আজ মার্কেটে পরিণত হয়েছে। জেলায় জেলায় সিনেমা হল থাকলেও উপজেলাগুলোতে খুব কমই সিনেমা হল রয়েছে। কারণ একের পর এক লোকসান হওয়াতে হল মালিকরা সিনেমা হল চালিয়ে নিতে ইচ্ছুক নন। এটাই স্বাভাবিক। অথচ একসময় দেশের সিনেমা হলগুলো রমরমা ব্যবসা করেছে। এ পর্যায়ে এসে ভাবাই যায় না একসময় মা-বাবা, ভাই-বোন সবাই মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে আমাদের দেশের মানুষ। তারপর সেই সিনেমা নিয়ে পরিবারে গল্প গুজবও হয়েছে।

সিনেমা শুরু হওয়ার আগে বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হতো। হলের দর্শকরা সবাই উঠে দাঁড়িয়ে হাত নাড়াতো। কি চমৎকার সে দৃশ্য তা লিখে বোঝানো যাবে না। এ দৃশ্য খুববেশি বছর আগের না। তবে বর্তমান প্রজন্মের কাছে এ দৃশ্য গল্পের মতো। এখন সিনেমা হলমুখী দর্শকের সংখ্যা হাতে গোনা। কিন্তু কেন এমন হলো? সিনেমা হল বন্ধ হয়েছে খুব বেশি বছর হয়নি। চলচ্চিত্রে একসময় গতানুগতিক সিনেমার সংখ্যা বাড়তে লাগলো। প্রতিটি সিনেমায় একই রকম কাহিনি। দর্শকেরও সিনেমার প্রতি আগ্রহ কমতে লাগলো। সেই এক ধরনের গল্প, না হয় নকল সিনেমা এসব কারণে দর্শক সিনেমা হল যাওয়া ছেড়ে দিলো। ঠিক এ সময় যা ক্ষতি হওয়ার হয়ে গেলো। হঠাৎ করে বাংলা সিনেমা শরীর নির্ভর হয়ে গেলো। যতটা না কাহিনি তার থেকেও বেশি সিনেমার বিভিন্ন পর্যায়ে গানে রগরগে সব দৃশ্য। দর্শককে হল ধরে রাখতে সিনেমা জগতে নোংরা পরিবর্তন আনা হলো। কাহিনি টাহিনির বালাই নেই, সিনেমায় ঢুকে গেলো অশ্লীলতা। খোলামেলা পোশাক আর নিজেই দেখা যায় না এমন রগরগে দৃশ্যে সিনেমা হতে লাগলো। বাংলাদেশের ঐতিহ্যবাহী একক পর্দার (সিংগেল স্ক্রিন) সিনেমা হল সংস্কৃতি এখন চরম অস্তিত্ব সংকটে রয়েছে। এক তথ্য বলছে, নব্বইয়ের দশকে দেশে ১৪০০ থেকে ১৫০০টি সিনেমা হল সচল থাকলেও বর্তমানে সারা বছর নিয়মিত চালু থাকা হলের সংখ্যা কমে মাত্র ৫০ থেকে ৬০টিতে নেমে এসেছে। দেশের প্রায় ২৫ থেকে ৩০টি জেলায় এখন কোনো সচল সিনেমা হলই নেই। সিনেমায় যখন অশালীন দৃশ্য দেখানো হলো তখন এতে প্রথম প্রথম দর্শক হুমড়ি খেয়ে পরলো। তবে এ শ্রেণির দর্শক আর পরিবার নিয়ে দেখার দর্শক এক নয়। পরিবার নিয়ে সিনেমা দেখা মানুষ ভুলে গেলো। দর্শকদের বিরাট এক শ্রেণি সিনেমা হল থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিল। তাদের কাছে সিনেমা হল মানেই রগরগে সব সিনেমার নামে অশ্লীলতা দেখানো। সিনেমা হল নয় বরং বাংলা সিনেমার প্রতি নাক সিটকাতে লাগলো সবাই। তবে হলগুলো রমরমা ব্যবসা করতে লাগলো। কারণ মানুষ যা লুকিয়ে চুরিয়ে দেখেছে তা হলগুলো দেখাতে আরম্ভ করতে লাগলো। এমনকি রাস্তাঘাটে চলতে ফিরতে যে পোস্টার লাগানো শুরু হলো তাতেও রগরগে সব দৃশ্য আঁকা হতে লাগল। আমি বহুদিন দেখেছি স্কুল কলেজগামী ছেলের দল হা করে সেসব পোস্টার দেখছে। আমাদের সংস্কৃতির যা বারোটা বাজার ততদিনে বেজে গেলো। খুব পরিকল্পিতভাবে দেশের বহুদিন ধরে চলে আসা সংস্কৃতিটাকে নিজ হাতে শেষ করে দিলো। শুধু সিনেমা হলে দর্শক টানতে কাজের মান উন্নয়নের চেয়ে এক শ্রেণির কলাকুশলী নোংরামি নামক বিষয়টাকে সিনেমাতে ঢুকিয়ে দিলো। তাতে প্রথম আর্থিক লাভ হলেও তার অল্পদিন পরেই প্রকৃত শ্রেণির দর্শক যারা সিনেমার সমঝদার সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিল। মাঝে মাঝে সিনেমার মাঝে কাটপিস ঢেকানো হলো। এমনও দেখেছি শেষ পর্যন্ত এক টিকিটে দুই সিনেমা চালাচ্ছে কোনো সিনেমা হলে। বলাই বাহুল্য এর যে কোনো একটি সিনেমাকে সিনেমা বলা যায় না। যারা এসব রগরগে দৃশ্যে দেখার জন্য সিনেমা হলে যেতো তারা কিন্তু কোনো প্রকৃত দর্শক শ্রেণির কেউ ছিল না। তারা ছিল সাময়িক সময়ের বিনোদনের খোরাক জোগানো মানুষ। এরা একটা সময় এসব সিনেমার প্রতি বিরক্ত হয়ে গেলো। তারাও সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিলো। ফলে সিনেমা হলগুলো দর্শক শূণ্য হয়ে গেলো। হল মালিকরা প্রমাদ গুণলেন। তারা সিনেমা হল বাধ্য হয়ে বন্ধ করে দিলো। দেশের একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে গেলো। সেসব এখন সুসজ্জিত মার্কেট বা ভাড়া দেওয়া বাড়ি। এ যে আমাদের সংস্কৃতিকে একেবারে সুপরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হলো তার দায় কার? কেউ কি কখনও এর কারণ খুঁজে দেখেছে। এখান থেকে আমরা বড় একটি শিক্ষা পেলাম। তা হলো মানুষকে নোংরামি দিয়ে বেশিদিন মুগ্ধ করে রাখা যায় না। তাকে মুগ্ধ রাখতে হলে সৃষ্টিশীল কাজের প্রয়োজন।

সিনেমা হল বন্ধের জন্য শুধু অশ্লীলতাকে দায়ী করা ঠিক হবে না। তবে এটি প্রধান একটি কারণ। মোটাদাগে আরও কয়েকটি কারণ রয়েছে। যেমন- ভালো গল্পের অভাব। ভালো গল্প পেলে দর্শকরা দেখছে। সিনেমা হলে গিয়েই দেখছে। এরপর পরিবেশের কথা বলা যায়। যেখানে পরিবার নিয়ে সিনেমা দেখতে যাবে সেখানকার পরিবেশ এবং মেয়েদের নিরাপত্তার বিষয়টি থাকে। আর সবশেষের কারণ হলো নকল করা গল্প বা গান দিয়ে সিনেমা করার অভ্যাস। মানুষ যখন বুঝে ফেলে বা ধরে যে এটি অমুক সিনোমর নকল তখন সেই সিনেমার প্রতি আগ্রহ কমার সঙ্গে সঙ্গে ঐ পরিচালক সম্পর্কে এবং সামগ্রিক চলচ্চিত্র সম্পর্কে ভুল তথ্য পায়। দেশে আজ অনেক টিভি চ্যানেল। প্রতিটি চ্যানেলেই সিনেমা প্রচারিত হচ্ছে। তাই দর্শকরা সিনেমা হলে যেতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। যেখানে আগে সিনেমা হলগুলোই ছিল অনেক ব্যস্ততার মধ্যে বিনোদনের অন্যতম বড় একটি উপায়। সেখানে আজ বাড়িতে বসেই টিভিতে সিনেমা দেখা যাচ্ছে। তবে এই কারণটা বেশি শক্তিশালী না। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে চ্যানেলের সংখ্যা কম নয়। তবে সেখানে সিনেমা হলের সংখ্যাও কম না। আবার প্রতিটি নতুন চলচ্চিত্র মুক্তি পেলে দর্শক হুমড়ি খেয়ে সিনেমা দেখতে ছোটে। সেখানকার সিনেমা হল দর্শক পেলে আমাদের সিনেমাহল বন্ধ হবে কেন? তবে এ কথা সত্যি দেশে ভালো মানের চলচ্চিত্রের অভাব। সেই সঙ্গে এমন অভিনেতা যার অভিনয় দর্শককে কাছে টানতে সক্ষম তারও অভাব রয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে সিনেমা নির্মিত হচ্ছে। তবে তা নিয়ে দর্শক মহলে আগ্রহ কমই। আজ অনেক উপজেলা পর্যায়ের বড় হয়ে ওঠা সন্তান জানে না সিনেমা হল আসলে কি। বড় পর্দায় সিনেমা দেখার মজা কেমন? কারণ তারা নাম শুনলেও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেনি। তার কারণ তার অভিভাবক তার সন্তানকে নিয়ে কোনোদিন সিনেমা দেখতে যায়নি। আজ দেশের সিনেমার সাথে জড়িত মানুষ জেনে গেছে যে মাঝখানে একটা বড় ভুল হয়ে গেছে। শুধু লাভের মুখ দেখার জন্য সিনেমা শিল্পটাকেই ধ্বংস করা হয়েছে। এমন নয় যে দেশে কোনো ভালো সিনেমা নির্মাণ করা হচ্ছে না বা মাঝখানেও হয়নি। প্রয়াত হুমায়ুন আহমেদ, তারেক মাসুদসহ অনেক প্রখ্যাত পরিচালক উল্লেখযোগ্য ভালো সিনেমা নির্মাণ করেছেন। এখনও কিন্তু ভালো ভালো সব সিনেমা তৈরি হচ্ছে। তবে তার খোঁজ মফস্বল অঞ্চলের মানুষ কমই জানে। কারণ বাড়ির টেলিভিশনগুলোতেও বাংলার চেয়ে বিদেশি চ্যানেল দেখার প্রতি আগ্রহ বেশি। তবে সেগুলো হলের সেই পূর্বের অবস্থা ফেরাতে পারেনি। তার প্রধান কারণ মানুষের বিশ্বাসযোগ্যতা।

দেশীয় চলচ্চিত্রের প্রতি মানুষের যে স্থায়ী বিতৃষ্ণা জন্মেছে তা ঠিক কবে কাটবে তা বলা যায় না। তবে আমরা খুব বড় একটা শিক্ষা পেয়েছি। একবার যদি বিশ্বাস উঠে যায় তাহলে তা ফেরানো বেশ কঠিন কাজ। আজও অনেকে ভাবেন সিনেমা হলে সিনেমা দেখা মানে খারাপ কিছু দেখা। বা ছেলে-মেয়ে নিয়ে পরিবার পরিজন নিয়ে একসাথে সিনেমা দেখার সেই পরিবেশ নেই। ধীরে ধীরে আমাদের সংস্কৃতি নষ্টের দিকে যাচ্ছিল তখন কেউ এসে এটি প্রতিরোধ করেনি। কেউ এই পরিবেশ থেকে বের করার হাল ধরেনি। দর্শক কমে যাওয়ার সাথে সাথে এটি আপনাআপনিই বন্ধ হয়ে গেছে। ভালো কাজ, সৃষ্টিশীল কাজের মূল্য যে মানুষের আছে তা আমাদের সিনেমা হলগুলোই প্রমাণ করে। এমন এক সময় ছিল যে ভারতীয় গান এবং এর মিউজিক পর্যন্ত হুবহু কপি করে সিনেমার ভেতর ঢুকিয়ে দেওয়া হতো। কোনো কিছু নকল করেও ভিন্ন কিছু উপহার দেওয়া যায়। কিন্তু এত পরিশ্রম করতে কেউ রাজি না। শুধু লাভ লোকসানের হিসেব থাকলে ভালো মানের নির্মাণ এবং অভিনয় শিল্পী পাওয়ার সম্ভাবনা কম। আমাদের দেশের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রিজে এখন দর্শক প্রিয় অভিনয় শিল্পীর সংখ্যাই একেবারে হাতে গোনা। পার্শ্ববর্তী দেশ ভারতে সিনেমা হলে কিন্তু ব্যাপক ভিড়। কোনো সিনেমা মুক্তি পেলেই সিনেমা হলে ভিড় করছে দর্শকরা।

আবার টিভির দর্শকও রয়েছে। আমাদের ক্ষতি হয়েছে চলচ্চিত্র নাম দিয়ে অশ্লীলতা সিনেমায় ঢোকানো। সেই সময়ই যদি কোনো পদক্ষেপ নেওয়া যেত তাহলে আমাদের আজকের এই দিন দেখতে হতো না। বিশ্বাস চলে গেলে যে আর ফেরানো যায় না আমাদের সিনেমা হলগুলোর বর্তমান অবস্থা থেকে তা সহজেই অনুমেয়।

 

লেখক : প্রাবন্ধিক ও কলামিস্ট