পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়ানো জরুরি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পণ্য পরিবহনের সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বাংলাদেশে অভ্যন্তরীণ পণ্য পরিবহনের বড় অংশ এখনও সড়কপথনির্ভর। এতে একদিকে সড়কে যানবাহনের চাপ ও যানজট বাড়ছে, অন্যদিকে পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ সময়োপযোগী। সরকার ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের যে প্রকল্প হাতে নিয়েছে, তা রেলওয়ের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ। তবে এ উদ্যোগের সুফল পেতে হলে শুধু নতুন ইঞ্জিন সংগ্রহ নয়, রেলওয়ের সামগ্রিক ব্যবস্থাপনায়ও কার্যকর পরিবর্তন আনতে হবে। বাংলাদেশে অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খাদ্যশস্য, সার, জ্বালানি, সিমেন্ট, পাথর, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার পরিবহনে রেল কার্যকর ভূমিকা রাখতে পারে। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য পরিবহনেও রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ রয়েছে। এতে সড়কের ওপর চাপ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবহন ব্যয় হ্রাস পেতে পারে।
কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পুরোনো ইঞ্জিনের সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে রেলওয়ে এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না। বর্তমানে রেলওয়ের বহরে থাকা ১৬৪টি মিটারগেজ লোকোমোটিভের মধ্যে ১১৫টির অর্থনৈতিক আয়ুষ্কাল এরইমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি। এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ ও মেরামতেও জটিলতা তৈরি হচ্ছে। ফলে ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং বিদ্যমান সক্ষমতাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ বাস্তবতায় নতুন ৩০টি লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানাতে হয়। প্রকল্পটির মোট ব্যয়ের প্রায় ৭১ শতাংশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের ঋণ থেকে আসবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও কারিগরি সহায়তা সংগ্রহের ব্যবস্থা রাখাও ইতিবাচক। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তবে ঋণনির্ভর এ প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের স্বচ্ছতা, দরপত্রের প্রতিযোগিতা এবং ইঞ্জিনের গুণগত মান নিশ্চিত করতে হবে। কেনার পর ইঞ্জিনগুলো দীর্ঘদিন সচল রাখার জন্যও যথাযথ প্রস্তুতি প্রয়োজন। এখানে মনে রাখতে হবে, ইঞ্জিন বাড়লেই পণ্য পরিবহনের সক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। পর্যাপ্ত মালবাহী ওয়াগন, পণ্য ওঠানো-নামানোর আধুনিক ব্যবস্থা, কনটেইনার ডিপো, লজিস্টিকস হাব এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে কার্যকর রেল যোগাযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মালবাহী ট্রেনের নির্দিষ্ট সময়সূচি ও নির্ভরযোগ্য সেবা চালু করা জরুরি। ব্যবসায়ীরা যাতে সময় ও খরচের দিক থেকে রেলপথকে সড়কের কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করেন, সে পরিবেশ তৈরি করতে হবে। রেলওয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যৎ পরিকল্পনা। ২০৪০ সালের মধ্যে মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কাজ সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই রূপান্তরের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখতে হবে। পাশাপাশি রেলপথের আধুনিকায়ন, ডাবল লাইন সম্প্রসারণ এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগও অব্যাহত রাখা প্রয়োজন। আমরা মনে করি, রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখলে চলবে না; দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এর বাণিজ্যিক সম্ভাবনাও কাজে লাগাতে হবে। নতুন লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পটি সেই লক্ষ্য অর্জনের একটি সুযোগ। তবে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পরিচালন দক্ষতা, সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সড়কনির্ভরতা কমিয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলওয়েকে কার্যকর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার।
