নতুন বাংলাদেশের সম্ভাবনা

অঞ্চলভিত্তিক মজুরি কাঠামো বদলে দিতে পারে গ্রামীণ শিল্প ও জাতীয় অর্থনীতি

ড. এম. এ. মান্নান

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের উৎপাদনশিল্প, বিশেষ করে তৈরি পোশাকশিল্প, মূলত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামকেন্দ্রিক। এসব শিল্পাঞ্চলে জমি ও বাড়িভাড়ার উচ্চমূল্য, যানজট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, গ্রামীণ অঞ্চলে বিপুলসংখ্যক সম্ভাব্য শ্রমিক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ থেকে তারা অনেক দূরে অবস্থান করছে।উপযুক্ত অবকাঠামো ও বিনিয়োগ প্রণোদনার পাশাপাশি অঞ্চলভিত্তিক মজুরি কাঠামো চালু করা হলে রংপুর ও বরিশালের মতো অঞ্চলেও কারখানা স্থাপন অর্থনৈতিকভাবে অধিক লাভজনক হতে পারে। এসব অঞ্চলে নতুন কারখানা সফলভাবে গড়ে উঠলে তাদের প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে। এভাবে প্রচলিত শিল্পাঞ্চলের বাইরে ধীরে ধীরে নতুন নতুন শিল্পক্লাস্টার গড়ে উঠতে পারে। নির্মাণ খাতে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান : একটি কারখানা নির্মাণের জন্য জমি উন্নয়ন, উৎপাদন ভবন, গুদাম, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি সুবিধা, সড়ক এবং পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে হয়। এসব কাজে রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রংমিস্ত্রি, প্লাম্বার, পরিবহনকর্মী এবং নির্মাণসামগ্রী সরবরাহকারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ, কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার আগেই স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হতে পারে। একাধিক জেলায় এ ধরনের বিনিয়োগ সম্প্রসারিত হলে গ্রামীণ কর্মসংস্থান এবং সামগ্রিক নির্মাণ খাতে-এর সম্মিলিত ইতিবাচক প্রভাব উল্লেখযোগ্য হতে পারে। বিদ্যমান কারখানাগুলোই নতুন বিনিয়োগের অর্থের জোগান দিতে পারে : কারখানার মালিকদের ঢাকায় করা বিদ্যমান বিনিয়োগ পরিত্যাগ করার প্রয়োজন নেই। তারা রাজধানীর বাইরে নতুন কারখানা স্থাপন করে ঢাকায় থাকা বিদ্যমান সম্পত্তি বিক্রি করতে পারেন। সেই বিক্রয়লব্ধ অর্থ দিয়ে আরও বড় কিংবা আধুনিক উৎপাদন কারখানা গড়ে তোলা সম্ভব। বিকল্পভাবে, তারা ঢাকার সম্পত্তি নিজেদের মালিকানায় রেখে সেগুলো গুদাম, শোরুম, ডিজাইন ও স্যাম্পলিং সেন্টার, প্রশিক্ষণকেন্দ্র কিংবা প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করতে পারেন। চাইলে সেগুলো ভাড়াও দিতে পারেন। উভয় ক্ষেত্রেই শহরের মূল্যবান সম্পদকে আরও উৎপাদনশীল কাজে ব্যবহার করা সম্ভব হবে। একই সঙ্গে রাজধানীর বাইরে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ব্যয় কমলে নতুন বিনিয়োগের সম্ভাবনা বাড়বে : ঢাকার বাইরে কারখানা পরিচালনা করলে জমি, বাড়িভাড়া, পরিবহন এবং অন্যান্য পরিচালন ব্যয় কমে আসতে পারে। এ সাশ্রয়কৃত অর্থ আধুনিক যন্ত্রপাতি ক্রয়, কারখানা সম্প্রসারণ, নতুন উৎপাদন লাইন স্থাপন, শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ঋণ পরিশোধ কিংবা নতুন ব্যবসায় বিনিয়োগের কাজে ব্যবহার করা সম্ভব।

অর্থনৈতিক চক্রটি বেশ সহজ : পরিচালন ব্যয় কমলে বিনিয়োগের সুযোগ বাড়ে, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কর্মসংস্থান বাড়লে পরিবারের আয় বৃদ্ধি পায়। অঞ্চলভিত্তিক মজুরি ব্যবস্থার উদ্দেশ্য শুধু শ্রম ব্যয় কমানো হওয়া উচিত নয়; বরং শিল্প বিনিয়োগকে অর্থনৈতিকভাবে অধিক কার্যকর করে কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য।

শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে : কাজের সন্ধানে ঢাকায় আসা শ্রমিকদের আবাসন, খাবার ও যাতায়াতের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। পাশাপাশি পরিবার থেকে দূরে থাকার কারণে তাঁদের আর্থিক ও মানসিক চাপও তৈরি হয়। নিজ নিজ এলাকার কাছাকাছি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে এসব ব্যয় অনেকাংশে কমে আসবে। শ্রমিকেরা পরিবারের সঙ্গে বসবাস করতে পারবেন, বাড়িতে খাবার খেতে পারবেন এবং ব্যয়বহুল আবাসন ও যাতায়াতের চাপ থেকে মুক্তি পাবেন।

অঞ্চলভেদে নামমাত্র মজুরির পরিমাণে কিছুটা পার্থক্য থাকলেও জীবনযাত্রার ব্যয় কম হওয়ার কারণে শ্রমিকদের হাতে প্রকৃতপক্ষে বেশি অর্থ অবশিষ্ট থাকতে পারে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ, দীর্ঘ দূরত্বে যাতায়াতের প্রয়োজনীয়তা হ্রাস এবং সামাজিক স্থিতিশীলতা— সব মিলিয়ে শ্রমিকদেও জীবন যাত্রার মান উন্নত হতে পারে।

ঢাকার অবকাঠামোর ওপর চাপ কমবে : শিল্পপ্রতিষ্ঠানের অতিরিক্ত কেন্দ্রীভবনের কারণে ঢাকার সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলগুলো জ্বালানি সংকটেরও সম্মুখীন হচ্ছে। বিশেষ করে গ্যাসের স্বল্পতা, লোডশেডিং এবং বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান ছড়িয়ে পড়লে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলের ওপর অতিরিক্ত চাপ কমবে। একই সঙ্গে দেশের উৎপাদনশিল্প আরও ভারসাম্যপূর্ণ ও সংকট মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। শিল্পায়ন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লে ঢাকা ক্রমান্বয়ে অর্থায়ন, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, ডিজাইন, পেশাগত সেবা এবং করপোরেট ব্যবস্থাপনার প্রধান কেন্দ্র হিসেবে আরও বিকশিত হওয়ার সুযোগ পাবে।

ব্যাংকিং খাত ও সহযোগী ব্যবসাপ্রতিষ্ঠানও লাভবান হবে : নতুন কারখানা স্থাপনের ফলে বিনিয়োগ অর্থায়ন, চলতি মূলধন, বৈদেশিক বাণিজ্য অর্থায়ন, বিমা এবং অন্যান্য ব্যাংকিং সেবার চাহিদা বাড়বে। পাশাপাশি নতুন কারখানাগুলো কাঁচামাল ও উপকরণ ক্রয় করবে, পরিবহনসেবা গ্রহণ করবে এবং নির্মাণ, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সহযোগী সেবার ওপর নির্ভরশীল হবে।

অন্যদিকে, নতুন কর্মসংস্থানের ফলে শ্রমিকদের আয় ও ব্যয় বাড়বে। তাদের ব্যয় স্থানীয় দোকানপাট, রেস্তোরাঁ, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। এভাবে একটি কারখানাকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে ব্যবসাপ্রতিষ্ঠানের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠতে পারে।

ভারসাম্যপূর্ণ উন্নয়ন ও শিল্পের বিকেন্দ্রীকরণে কার্যকর উদ্যোগ : এদিকে, নিম্নতম মজুরি বোর্ড মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের সব অঞ্চলে একই মজুরি কাঠামো প্রয়োগ করা অর্থনৈতিকভাবে ন্যায়সংগত নাও হতে পারে। কারণ, অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে কর্মরত শ্রমিকদের বাড়িভাড়া ও ইউটিলিটি ব্যয় রংপুর, দিনাজপুর, গাইবান্ধা কিংবা অন্যান্য তুলনামূলক কম ব্যয়ের অঞ্চলের শ্রমিকদের তুলনায় অনেক বেশি। এ ক্ষেত্রে অধিক যৌক্তিকব্যবস্থা হতে পারে সারা দেশে অভিন্ন মূল বেতন বজায় রেখে স্থানীয় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অঞ্চলভিত্তিক বাড়িভাড়া ভাতা চালু করা। উদাহরণস্বরূপ, ঢাকা ও চট্টগ্রামে মূল বেতনের ৫৫-৬০ শতাংশ, কুমিল্লা, খুলনা ও সিলেটের মতো মাঝারি ব্যয়ের শহর ও অঞ্চলে ৪৫-৫০ শতাংশ এবং রংপুর, রাজশাহী, দিনাজপুর ও বরিশালের মতো তুলনামূলক কম ব্যয়ের অঞ্চলে ৩৫-৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা যেতে পারে।

এ ধরনের ব্যবস্থায় রংপুরের একজন শ্রমিক ঢাকার একজন শ্রমিকের তুলনায় মাসিক আয়ে প্রায় ২ হাজার টাকা কম পেলেও আবাসন ও জীবনযাত্রার ব্যয় কম হওয়ার কারণে তার প্রকৃত ব্যবহারযোগ্য আয় সমান, এমনকি ক্ষেত্রবিশেষে আরও বেশি হতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত দেশের সর্বত্র মজুরি এক রাখা নয়; বরং অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে শ্রমিকদের সমতুল্য ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার মান নিশ্চিত করা।

শিল্পের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। অঞ্চলভিত্তিক সমন্বিত মজুরি কাঠামো অনুন্নত জেলাগুলোতে বিনিয়োগকে অর্থনৈতিকভাবে আরও আকর্ষণীয় করে তুলবে। এর ফলে উৎপাদনকারীরা ঢাকার বাইরে নতুন কারখানা স্থাপন কিংবা ঢাকা-চট্টগ্রাম শিল্প করিডরের বাইরে বিদ্যমান কারখানার কার্যক্রম সম্প্রসারণ বা স্থানান্তরে উৎসাহিত হতে পারেন। এতে শ্রমিকরা নিজ নিজ এলাকার কাছাকাছি কর্মসংস্থান, কম জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের চাপ হ্রাসের সুবিধা পাবেন। একই সঙ্গে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।

মূল বিষয়টি হলো, মজুরির ক্ষেত্রে সমতা নিশ্চিত করার অর্থ দেশের সর্বত্র ন্যূনতম মজুরি অভিন্ন রাখা নয়। বরং অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার তুলনামূলক সমতা নিশ্চিত করাই প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। সারা দেশে অভিন্ন মূল বেতনের সঙ্গে অঞ্চলভিত্তিক বাড়িভাড়া ভাতা যুক্ত করার ব্যবস্থা বাংলাদেশের শিল্পের বিকেন্দ্রীকরণ, শ্রমিককল্যাণ এবং সুষম আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

 

লেখক : সাবেক সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)