দুদকের তৎপরতা বাড়ুক, নিশ্চিত হোক নিরপেক্ষতা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য বড় অন্তরায়। দুর্নীতির কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়, বৈষম্য বাড়ে এবং সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থার সংকট তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকার বিকল্প নেই। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল এবং অবৈধ সম্পদ শনাক্ত ও ক্রোক-অবরুদ্ধের কার্যক্রমে যে গতি এসেছে, তা আশাব্যঞ্জক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি মামলা অনুমোদন করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৬২ জনকে। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আদালতের আদেশে তিন মাসে ১ হাজার ২৫১ কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। এসব পরিসংখ্যান দুর্নীতি দমনে কমিশনের সক্রিয়তার ইঙ্গিত দেয়। তবে শুধু মামলা ও সম্পদ ক্রোকের সংখ্যা বাড়লেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এসব মামলার সুষ্ঠু তদন্ত, নির্ভুল অভিযোগপত্র এবং আদালতে অপরাধ প্রমাণের সক্ষমতাও নিশ্চিত করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রভাবশালী কিংবা ক্ষমতাধর কেউ যেন আইনের আওতার বাইরে থাকতে না পারেন, সেটিও নিশ্চিত করা জরুরি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান হতে হবে ব্যক্তি, দল ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। দুদকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে আনা। অতীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক প্রভাব, পক্ষপাত এবং বাছাই করে ব্যবস্থা নেওয়ার অভিযোগ দুদকের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পাওয়ার যে কথা জানিয়েছে, তা ইতিবাচক। এ স্বাধীনতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে সত্যিকার অর্থে প্রভাবমুক্ত ও পেশাদার করে তুলতে হবে।
একই সঙ্গে দুর্নীতির উৎস চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প, ভূমি ব্যবস্থাপনা, ব্যাংক ও আর্থিক খাতসহ যেসব ক্ষেত্রে দুর্নীতির ঝুঁকি বেশি, সেসব খাতে নজরদারি বাড়াতে হবে। অবৈধ সম্পদের মালিকদের পাশাপাশি সম্পদ অর্জনের সহযোগী, অর্থ পাচারের পথ এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট চক্রকেও আইনের আওতায় আনতে হবে। উদ্ধার করা সম্পদ রাষ্ট্রের অনুকূলে ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুত ও স্বচ্ছ হওয়া দরকার।
দুদককে কার্যকর করতে প্রতিষ্ঠানটির নিজস্ব সক্ষমতা, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত বাজেট নিশ্চিত করাও জরুরি। অভিযোগ গ্রহণ থেকে অনুসন্ধান, তদন্ত ও বিচার পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহি থাকতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করা প্রয়োজন।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে দুদকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিশনের প্রাথমিক তৎপরতা সেই প্রত্যাশা জাগিয়েছে। এখন প্রয়োজন পরিসংখ্যানের সাফল্যকে বাস্তব বিচারে রূপ দেওয়া। দুর্নীতিবাজের পরিচয় নয়, অপরাধই যেন ব্যবস্থা নেওয়ার একমাত্র ভিত্তি হয়। তাহলেই দুদক জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে।
