বাপেক্সকে শক্তিশালী করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। দীর্ঘদিন ধরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি বাড়ছে। ফলে আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা বাড়াতে হচ্ছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার সরকারি উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। সরকার ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও সংস্কারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তার মধ্যে ৮৯টির দায়িত্ব বাপেক্সের ওপর দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে দুটি নতুন ড্রিলিং রিগ কেনা, জনবল বাড়ানো, সাইসমিক জরিপ পরিচালনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বাপেক্সের পাঁচটি ড্রিলিং রিগ রয়েছে। নতুন দুটি যুক্ত হলে মোট রিগের সংখ্যা দাঁড়াবে সাতটিতে। একই সঙ্গে জনবল ১ হাজার ৮০ জন থেকে বাড়িয়ে ১ হাজার ৬০০ জনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির কারিগরি ও পরিচালন সক্ষমতা বাড়বে বলে আশা করা যায়। তবে শুধু যন্ত্রপাতি ও জনবল বাড়ালেই বাপেক্স শক্তিশালী হবে না। অনুসন্ধান কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, পর্যাপ্ত অর্থায়ন এবং প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ২ডি ও ৩ডি সাইসমিক জরিপের মাধ্যমে সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র চিহ্নিত করে দ্রুত অনুসন্ধান কূপ খননের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা পরিহার করা প্রয়োজন।

বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তিও মজবুত করতে হবে। অনুসন্ধান ও উন্নয়ন প্রকল্প বাড়লে নিজস্ব আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। তবে এ ধরনের অংশীদারত্বের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, প্রযুক্তি হস্তান্তর এবং বাপেক্সের নিজস্ব সক্ষমতা বিকাশের বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোলার গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা। পাইপলাইন অবকাঠামোর অভাবে উত্তোলিত গ্যাস ব্যবহার করা না গেলে তা জাতীয় সম্পদের অপচয়। তাই ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

আমরা মনে করি, বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগগুলো যেন শুধু পরিকল্পনা ও প্রকল্প প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ না থাকে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনুসন্ধানে নতুন গ্যাসের মজুত আবিষ্কার ও উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে।

দেশের জ্বালানি চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে বাপেক্সকে একটি দক্ষ, আধুনিক ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কারণ জ্বালানি নিরাপত্তা শুধু অর্থনীতির বিষয় নয়, এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।