আট শহরে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন নিশ্চিত করতে হবে
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার। কিন্তু দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দেশের অনেক শহরে এ দুটি সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে জেলা ও আঞ্চলিক শহরগুলোতে নিরাপদ পানির সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার ঘাটতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ। এ বাস্তবতায় দেশের আটটি শহরে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১৫ কোটি ডলারের ঋণ অনুমোদন একটি ইতিবাচক উদ্যোগ। প্রকল্পটির আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশন এবং চাঁদপুর, গোপালগঞ্জের গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে সমন্বিত পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।
এতে প্রায় ৯ লাখ মানুষ উন্নত সেবা পাবে। প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ এবং ৬৫ হাজার গৃহস্থালি সংযোগ স্থাপন বা পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের মানুষ ও অনানুষ্ঠানিক বসতির বাসিন্দাদের জন্য বরাদ্দ রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিরাপদ পানির সুবিধা যেন সমাজের সব শ্রেণির মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পানি অপচয় কমানো। এ জন্য সাতটি পানি শোধনাগার সংস্কার এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া গড়ে তোলা হবে। ২০২৬ সালে ৫০ শতাংশের বেশি থাকা পানি অপচয়ের হার ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্মার্ট মিটার ও ডিজিটাল ব্যবস্থাপনা চালু হলে পানির উৎপাদন, বিতরণ ও গুণগত মান পর্যবেক্ষণ সহজ হবে। তবে প্রযুক্তির যথাযথ ব্যবহারের পাশাপাশি ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
পয়োনিষ্কাশন সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষের জন্য ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার এবং চারটি গণস্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে। এসব স্থাপনা নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা প্রশংসনীয়। স্থানীয় নারীদের এসব সুবিধা পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগও কর্মসংস্থান ও নারীর অংশগ্রহণ বাড়াতে সহায়ক হতে পারে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না।
পয়োবর্জ্য সংগ্রহ, পরিশোধন ও নিরাপদ নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্মিত স্থাপনাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সেবার মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে। প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি, পরিচালনাগত ও আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কুমিল্লা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে। প্রকল্পে এডিবির ঋণের পাশাপাশি বাংলাদেশ সরকার ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে। জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং অপরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ প্রকল্পে ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার ও পানির সাশ্রয়ী ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এডিবির এ অর্থায়ন আটটি শহরের নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পের সাফল্য নির্ভর করবে সময়মতো বাস্তবায়ন, অর্থের স্বচ্ছ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের ওপর। উন্নয়নের সুফল যেন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষের জীবনমান ও জনস্বাস্থ্যের বাস্তব উন্নয়নে প্রতিফলিত হয়, সেটিই নিশ্চিত করতে হবে।
