সমাধান জরুরি : সার-বীজের কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয়
ফিরোজ চিশতী
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের পরিশ্রম, ঘাম ও উৎপাদনের ওপর নির্ভর করে দেশের খাদ্যনিরাপত্তা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সার ও কৃষিবীজ গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে কৃষক সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারেন না। যার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়, কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পায়, সাধারণ মানুষের জীবনেও নেমে আসে দুর্ভোগ। মানুষের প্রয়োজনকে পুঁজি করে সার ও কৃষিবীজের কৃত্রিম সংকট সৃষ্টি করা শুধু সামাজিক অপরাধ নয়, ইসলামের দৃষ্টিতে একটি নিন্দনীয় কাজ।
ইসলাম ব্যবসা-বাণিজ্যে সততা, ন্যায়নীতি ও মানবিকতার শিক্ষা দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। (সুরা আন-নিসা, আয়াত ২৯)। প্রতারণা, অবৈধ মুনাফা ও অন্যের অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ ইসলামে নেই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। (সহিহ মুসলিম, হাদিস ১০১)। সার ও বীজের কৃত্রিম সংকট তৈরি করে কৃষককে জিম্মি করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা এই প্রতারণারই অন্তর্ভুক্ত। মজুতদারির বিষয়ে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, পাপী ব্যক্তি ছাড়া কেউ মজুতদারি করে না। (সহিহ মুসলিম, হাদিস ১৬০৫)।
তবে ব্যবসার স্বাভাবিক প্রয়োজনে পণ্য সংরক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের ক্ষতি করা এক বিষয় নয়। মানুষের প্রয়োজনের সময় অসৎ উদ্দেশ্যে পণ্য আটকে রাখা নিন্দনীয় কাজ।
একজন কৃষক সময়মতো সার ও বীজ না পেলে তার পুরো মৌসুমের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঋণগ্রস্ত কৃষক আরও ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। উৎপাদন কমে গেলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পায়, যার চাপ পড়ে নিম্নআয়ের পরিবার, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোক্তাদের ওপর। অর্থাৎ, কিছু ব্যক্তির অবৈধ মুনাফার লোভে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ ও রাষ্ট্র।
এ ক্ষেত্রে প্রশাসন, কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের দায়িত্ব রয়েছে। নিয়মিত বাজার তদারকি, গুদাম পরিদর্শন, মজুতের হিসাব যাচাই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ন্যায্যমূল্যে সার-বীজ সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ববোধ ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।
মানুষের অভাব-অনটনকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়া প্রকৃত সফলতা নয়। অন্যের হক নষ্ট করে অর্জিত সম্পদে বরকত থাকে না। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না; মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার ও জনকল্যাণেরও নির্দেশ দেয়। তাই কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অসাধু মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। রাসুলুল্লাহ (সা.) প্রকৃত নিঃস্ব ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, কিয়ামতের দিন অনেকে নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে; কিন্তু সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছে, কারও ওপর অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে কিংবা কারও ওপর জুলুম করেছে।
ফলে তার নেক আমল ক্ষতিগ্রস্তদের দিয়ে দেওয়া হবে। (সহিহ মুসলিম, হাদিস ২৫৮১)। মানুষের ক্ষতি করলে আল্লাহর পক্ষ থেকেও ক্ষতি হওয়ার বর্ণনা হাদিসে এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করে, আল্লাহ তার ক্ষতি করেন। আর যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাকে কষ্ট দেন। (সুনানে আবু দাউদ, হাদিস ৩৬৩৫; সুনানে তিরমিজি, হাদিস ১৯৪০)। যারা অধিক মুনাফার আশায় সার ও কৃষিবীজ গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন, তাদের মনে রাখা উচিত— কৃষকের চোখের পানি, সাধারণ মানুষের দুর্ভোগ এবং অন্যের ন্যায্য অধিকার নষ্ট করার হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। দুনিয়ায় অবৈধভাবে অর্জিত সম্পদ দিয়ে হয়তো সাময়িক স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, কিন্তু আখেরাতের জবাবদিহি থেকে রক্ষা পাওয়া যাবে না।
মানুষের হক নষ্ট করলে শুধু তওবা করাই যথেষ্ট নয়; যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকার ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা নেওয়াও জরুরি। ব্যবসায় মুনাফা হোক, কিন্তু তা যেন কৃষকের অশ্রু ও অধিকার হরণের বিনিময়ে না হয়।
লেখক : সূফিব্যক্তিত্ব, বাব-ই-ইয়াছিন 'গুলশানে ইয়াছিন মনজিল', এলাহাবাদ, দেবিদ্বার, কুমিল্লা
