‘রাস্তা’য় নবাগত স্নিগ্ধা

প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। ছবির নাম ‘রাস্তা’। এ খবর জানা ছিল। নতুন খবর হলো, ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন নবাগত স্নিগ্ধা চৌধুরী। ছবিটির পরিচালক রায়হান রাফি। সিয়ামের সঙ্গে ছবিতে নতুন অভিনেত্রীর অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

তিনি বলেন, নতুন মুখ স্নিগ্ধা অভিনয় করবে এ ছবিতে। এতটুকুই বলতে পারি। বিস্তারিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানাবে। ‘রাস্তা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে, নিশ্চিত করেছেন স্নিগ্ধাও। সিনেমায় প্রথম হলেও শোবিজ দুনিয়ায় নতুন নন। প্রায় তিন বছর ধরে যুক্ত র‌্যাম্প মডেলিংয়ে। পাশাপাশি ক্লাসিক্যাল নৃত্যেও পারদর্শী। স্নিগ্ধা বলেন, বড় পর্দায় কাজ শুরু করার এখনই উপযুক্ত সময় মনে হয়েছে আমার কাছে। এ ছবিতে কাজের সুযোগ পাওয়ায় তিনটি কারণে আমি কৃতজ্ঞ। প্রথমত, এটি জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা; দ্বিতীয়ত, এটি পরিচালনা করবেন রায়হান রাফি; তৃতীয়ত, আমার নায়ক সিয়াম। সব মিলিয়ে দারুণ এক সমন্বয়। বড় পর্দায় আমার জন্য এটি হবে রাজকীয় অভিষেক। ৫ জুন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।