ফারুক আহমেদ জানেন না তার পথের শেষ কোথায়
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

দেশের গুটিকয় বহুমাত্রিক অভিনয় প্রতিভার মধ্যে অন্যতম ফারুক আহমেদ। প্রায় চার দশকের বর্ণাঢ্য অভিনয়জীবন তার। হুমায়ূন আহমেদের নাটক দিয়ে তার শুরু ও জনপ্রিয়তার বিস্তৃতি।
যার ধারাবাহিকতা চলছে এখনও সমান্তরাল। তবুও হতাশা ঝরছে এ অভিনেতার কণ্ঠে। এ বেলায় এসে তাইতো তিনি নিজেকেই নিজে প্রশ্ন ছুঁড়ে দিলেন, কেনো আমার ভেতরে অভিনয়ের নেশা চাপল, বলতে পারব না। আমি জানি না, আমার পথের শেষ কোথায়?
ফারুক আহমেদের ভাষ্য, জীবনে ভাবিনি আমি অভিনেতা হব।
ছোটবেলায় আমি ছিলাম খুব লাজুক প্রকৃতির। নিজের খালারা যখন আমাদের বাসায় বেড়াতে আসত, আমি তখন দৌড়ে দরজার চিপায় অথবা খাটের নিচে গিয়ে লুকিয়ে থাকতাম। আমার খালাতো ভাইয়েরা সঙ্গে সঙ্গে অভিযানে নেমে পড়ত। এঘর ওঘর খুঁজতে খুঁজতে একসময় আমাকে কোনো এক দরজার চিপা বা খাটের তলা থেকে বের করে নিয়ে আসত। আমি তখন মাথা হেঁট করে খালাদের সামনে এসে এমন ভঙ্গিতে দাঁড়াতাম, যেন আমি বিরাট এক অপরাধী। কি এক অজানা লজ্জায় তখন আমার মরে যেতে ইচ্ছা করত।
এভাবেই নানা ভয়, লজ্জা আর অপমানের ভেতর দিয়ে তার শৈশব-কৈশোরকাল কেটেছে। ফারুক বলেন, সেই লজ্জা আর ভয় কাটিয়ে কখন যে আমি সাহসী হয় উঠলাম নিজেরও মনে নেই। কেন আমার ভেতর অভিনয়ের নেশা চাপলো তাও বলতে পারব না। আমি জানি না, আমার এ পথের শেষ কোথায়?
