ইয়াশ-পারসা ‘একসাথে আলাদা’!

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

আধুনিক নগরজীবনের প্রেম এবং সম্পর্কের সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসঙ্গে আলাদা’। এই ফিল্মটির মাধ্যমেই হইচই তাদের ১ ঘণ্টা দৈর্ঘ্যরে নতুন ফিল্ম ফরম্যাটের যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘একসঙ্গে আলাদা’ একটি রোম্যান্টিক-কমেডি ঘরানার ফিল্ম। এটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। গল্পে উঠে আসবে সমসাময়িক শহুরে জীবনের প্রেম, মান-অভিমানে ঘেরা সম্পর্কের টানাপড়েন। এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচই-এর পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে। নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে। এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার শেয়ার করা হয়। পোস্টারটিতে গোলাপি আভার মধ্যে ইয়াশ ও পারসার লুক দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।