যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাননি মাহি-জয়
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

দেশের শোবিজ তারকাদের মধ্যে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা নতুন নয়। এরইমধ্যে বহু সংগীতশিল্পী, অভিনয়শিল্পী থিতু হয়েছেন উন্নয়নশীল দেশে। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি চেষ্টা করছেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। নাগরিকত্বের জন্য গ্রিন কার্ডের আবেদনও করেছিলেন, কিন্তু ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে তা সম্ভব হয়নি।
আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের বিষয়টি নিয়ে গত বুধবার গণমাধ্যমকে শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন নীতিতে কঠোর নিয়ম আনা হয়েছে।
এতে আমি যে ফাইল জমা দিয়েছি, তার যাচাই-বাছাই শেষে কিছু বাড়তি তথ্য-উপাত্তের দরকার ছিল। সেসব তথ্য-উপাত্ত এই মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিন কার্ড হয়নি। তবে বিষয়টা এমন নয় যে, আবার আবেদন করা যাবে না। যুক্তরাষ্ট্র সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, ঠিকঠাক করে আবার গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে।’
এদিকে গত বছরের ১৯ জুন একমাত্র ছেলে রেখে আমেরিকায় গেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। দীর্ঘ সাত মাস সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি অভিনেত্রী তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায়, অভিনেতা অমিত হাসানের সঙ্গে নাচছেন অভিনেত্রী শাবনূর। ঢালিউড তারকাদের এ মিলন মেলা বসেছিল আমেরিকায় থিতু হওয়া অভিনেতা কাজী মারুফের বাড়িতে।
উল্লেখ্য, গেল দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য বেশ কয়েকজন তারকা, পরিচালক এবং প্রযোজক আবেদন করেছেন। তাদের মধ্যে অনেকে গ্রিন কার্ড হাতে পেয়েছেন। আবার কেউ কেউ ব্যর্থ হয়েছেন।
