কোরিয়ান শিল্পীর বিরুদ্ধে মোটা অঙ্কের কর ফাঁকির অভিযোগ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও অভিনেতা চা ইউন-উ। এই তারকার বিরুদ্ধে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৩.৭ মিলিয়ন ডলার) কর ফাঁকির অভিযোগে তদন্ত চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় কর দপ্তর (এনটিএস)। তবে তার বিরুদ্ধে এখনও কোনো ফৌজদারি মামলা হয়নি। দেশটির গণমাধ্যম থেকে এমনটাই জানা গেছে।
তবে অভিযোগ উঠতে না উঠতেই খ্যাতি ও জনপ্রিয়তার ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই বিতর্কের মাঝে এর মধ্যেই চা ইউন-উ-র সঙ্গে একাধিক প্রতিষ্ঠান বিজ্ঞাপনের চুক্তি বাতিল করেছে, যা অভিনেতার জন্য বড় ধাক্কাই বলা যায়।
দেশটির কর দপ্তরের দাবি, চা ইউন-উর মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তার বিনোদন আয়ের একটি অংশ দেখানো হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই কোম্পানিগুলো ব্যবহার করে আয়কর নথিতে ব্যক্তিগত আয়ের জায়গায় করপোরেট আয় দেখানো হয়েছে, যাতে করের হার কম পড়ে।
