‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়’
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
তিন দশকের দীর্ঘ পথচলা। যার কণ্ঠে এক সময় বুঁদ হয়ে থাকত সংগীতপ্রেমীরা। নব্বইয়ের দশকের সেই ‘ও সনম’ থেকে শুরু করে আজকের ‘তু জানে হ্যায় কাহাঁ’ দীর্ঘ এই যাত্রায় সুরের জগতের একচ্ছত্র অধিপতি হয়েও নিজেকে ‘তারকা’ ভাবতে নারাজ লাকি আলি। বরং এক বুক বিনয় নিয়ে তিনি মনে করেন, দর্শক-শ্রোতাদের ভালোবাসা শুধুই এক আশীর্বাদ ও উপহার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন এক সত্য সামনে এনেছেন এই সুরের জাদুকর। লাকি আলি বলেন, ‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়। এটা আমি মেনে নিয়েছি।’
প্রচারের আলো থেকে দূরে থাকা এই শিল্পী মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নিজের ভেতরের সত্য খুঁজতে শেখে, তিনিও এখন সেই সন্ধানেই মগ্ন। ১৯৯৬ সালে ‘শুনহ’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু। ওয়াকম্যানের সেই সোনালি যুগে তরুণ প্রজন্মের কাছে লাকি আলির ‘হাসকি’ ভয়েস ছিল পরম স্বস্তির নাম।
