ফের পেছাল পরীমনির শুনানি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

শারীরিক অসুস্থতার কারণে পেছাল অভিনেত্রী পরীমনিকে মারধর ও হত্যাচেষ্টার মামলার শুনানি। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় গতকাল মঙ্গলবার আদালতে আসতে পারেননি তিনি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনির জেরার দিন ধার্য ছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত আগামী ৯ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নার্গিস পারভীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নার্গিস পারভীন বলেন, ‘গতকাল মঙ্গলবার মামলাটির শুনানি ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আগামী ৯ আগস্ট এই মামলার শুনানি হবে।’ শুনানির জন্য সময় আবেদন করে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি পরীমনির অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে। এ কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারছেন না। এর আগে গত বছরের ২৬ মে এই মামলার শুনানিতে এসে আদালতে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী, শাহ শহিদুল আলমসহ ছয়জনের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় মামলা করেন পরীমনি।
