ভালোবাসা দিবসে একসঙ্গে শাকিব-অপু
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিশেষ আয়োজন রয়েছে মাছরাঙা টেলিভিশনের। সকাল ৭টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মার্কিন যুগল জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম সংসার এবং বাংলাদেশের জীবন সম্পর্কে বলবেন তারা।
সকাল ৯টায় একসঙ্গে দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাসকে। কেননা, ওই সময় প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’। সন্ধ্যা ৬টায় ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাত ৯টায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়া রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান।
