‘একটি সুষ্ঠু নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত ছিল’

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। ভোট দিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বললেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত ছিল। আশা করি সেটা হচ্ছে। কোথাও কোনো অরাজকতা, হামলা, বিশৃঙ্খলা নেই। নতুন যে সরকার আসবে আশা করি সে সরকার দেশের উন্নয়নে কাজ করবে। নাগরিক অধিকারের জন্য কাজ করবে। সামনের বাংলাদেশ হবে সাম্যের ও ন্যায়বিচারের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজেদের অধিকার ও স্বাধীনতা খুঁজে পাবে।’

রটারড্যামজয়ী এ অভিনেত্রীর প্রত্যাশা, ‘আশা করি আমাদের সংস্কৃতির দিকে সরকারের নজর থাকবে। শিল্পীদের পেশাগত স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে নেই। আশা করি সেদিকেও সরকারের ইতিবাচক দৃষ্টি থাকবে। আরও নানান রকমের কাজ আছে যা দেশ ও জাতির জন্য কল্যাণকর আশা করি সরকার সেগুলো করবে।’ বাঁধন ছাড়াও ভোট দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সিসহ তারাকাদের অনেকে। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলছে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।