সৈকত দাসের কণ্ঠে রবি ঠাকুরের ‘তুই ফেলে এসেছিস কারে’

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বিশ্বকবি রবীন্দ্রনাথ গানগুলোর মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। আজও আবেদন টাটকা। নবীন-প্রবীণ অনেকের কণ্ঠে ডানা মেলেছে গানটি। এবার কণ্ঠে তুলেছেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস।

তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার- কথামালায় সাজানো কবিগুরুর এই সৃষ্টিতে সংগীত করেছেন সুমন কল্যাণ। সৈকত দাস বলেন, ‘সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্র সংগীতের ঘ্রাণ আছে। এরপর-ই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্র সংগীতের প্রেমে পড়ে গেলাম।’

সুমন কল্যাণ বলেন, ‘সৈকত দা সত্তরের দশক থেকে গান করেন। ওনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনও সামনে আনেননি। আড়ালেই থেকে গেছেন। এরমধ্যে রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’ সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে গান করেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করে বিটিভি।