বিয়ের পিঁড়িতে বসছেন রাশমিকা ও বিজয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

অবশেষে চার হাত এক হলো বিজয়-রাশমিকার। গতকাল বৃহস্পতিবার উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে সেরেছেন তারা। তবে একইদিনে দুইবার বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দক্ষিণ ভারতের দুই রজ্যের রীতি মেনে গাঁটছড়া বাঁধতে হচ্ছে বিজয়-রাশমিকাকে। বিজয় তেলুগু রাজ্য থেকে উঠে এসেছেন। অন্যদিকে রাশমিকা কর্নাটকের মেয়ে। দুই রাজ্যের বিয়ের রীতিতে রয়েছে ভিন্নতা। দুই পরিবারের মন রক্ষায় দুইবার বিয়ে করতে হচ্ছে বিজয়-রাশমিকাকে।

এরইমধ্যে তেলুগু রীতি অর্থাৎ বিজয়ের পরিবারের নিয়মানুসারে বিয়ের পর্ব সারা হয়েছে। এবার পালা রাশমিকার পরিববারের অর্থাৎ কর্নাটকের কোডাভা নিয়মানুসারে বিয়ের। বিকাল ৪টায় সে রীতিতে সাতপাকে ঘুরবেন তারা। এদিন সকাল ৮টায় তেলুগু রীতিতে বিয়ে সারেন রাশমিকাণ্ডবিজয়। দক্ষিণী সংস্কৃতিতে ঠাঁসা ছিল আয়োজন। আগেই খবর ছড়িয়েছিল অতিথিদের স্বাগত জানানো হচ্ছে নারকেলের পানিতে। খাবার দেওয়া হবে কলা পাতায়। বর-কনের সাজ পোশাকও হবে দক্ষিণী রীতিতে। সেভাবেই হয়েছে সব। উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসেছে বিজয়-রাশমিকার বিয়ের আসর। আগামী ৪ মার্চ তাদের রিসেপশন। দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান-কাপুর, বচ্চনদেরও। শুরুতে বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিজয়-রাশমিকা।