‘দম’ থাকলে ঠেকায় কে...
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

গতকাল দুপুরে প্রকাশ করা হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার পোস্টার। বেলা ১টার দিকে নির্মাতা রেদওয়ান রনি ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’ শেয়ার করা পোস্টারে ক্লান্ত, বিধ্বস্ত চেহারায় দেখা যাচ্ছে আফরান নিশোকে।
২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়, রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’। সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। গত বছরের জুলাইয়ে এতে যুক্ত হন আফরান নিশো। গত বছরের ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে, যিনি ‘দম’-এ অভিনয় করছেন। তখন সাক্ষাৎকারে পূজা বলেন, ‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন আমি এভাবে বলছি।’
সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বলেছিলেন, রেদওয়ান রনি ভাই ফোন করবেন। কয়েক দিন পর তিনি ফোন দিয়ে অডিশনের কথা বললেন। আমি খুবই আগ্রহী ছিলাম। কারণ, আমি ‘দম’-এ কাজ করতে চেয়েছিলাম। অডিশনের পর জানতে পারি আমি চূড়ান্ত। আনন্দে তখন আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল! এখন আমরা নিয়মিত রিহার্সাল করছি, পুরো যাত্রাটা দারুণ লাগছে।’ পূজা আরও জানান, এই সিনেমায় তাকে মেকআপ ছাড়াই অভিনয় করতে হবে।
সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘নতুন গল্প, নতুন চরিত্র- এ রকম সুযোগই শিল্পীদের অনুপ্রাণিত করে। এই সিনেমার জন্য আমি দুই বছর ধরে অপেক্ষা করছি।’
‘দম’-এর জন্য ওজন ঝরাতে হয়েছে আফরান নিশোকে। সে প্রসঙ্গ উল্লেখ করে মহরতে তিনি বলেছিলেন, ‘প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় তা বেড়ে ৯৬ কেজি হয়েছিল। এবার পরিচালক বললেন, ৭৫ কেজিতে নামাতে হবে। এক-দেড় মাসে তা সম্ভব নয়, তবু চেষ্টা করছি। এখন আমার ওজন ৮৩ কেজি।’ ‘দম’ সিনেমার চরিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে পবিত্র ঈদুল ফিতরে।
