৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

নব্বই দশক থেকে জনপ্রিয়তার শীর্ষে সাদিয়া ইসলাম মৌ। মডেলিং জগতে নিজেকে অনন্যা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন মৌ। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তার সঙ্গে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। জনপ্রিয়তার দিক থেকেও এখন পর্যন্ত নারী মডেলদের মধ্যে তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি।
সেই সঙ্গে এদেশের অন্যতম জনপ্রিয় একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ। অনেক বছর ধরে তার রূপ-লাবণ্যে মুগ্ধ হয়েছে টিভি পর্দার দর্শকেরা। তাকে অনুসরণ করে মডেলিংয়ে এসেছেন অনেক নায়িকাণ্ডঅভিনেত্রী।
১৯৭৬ সালের ২১ জুন জন্মগ্রহণ করা এই তারকার বর্তমানে ৪৯ বছর ১১ মাস চলছে বয়স। তবু নিজেকে তিনি ধরে রেখেছেন ফিট, সুস্থ, প্রাণোচ্ছ্বাসে ভরপুর আকর্ষণীয় এক নারী হিসেবে। তার এই ফিট থাকার আসল রহস্য কী? সেই তথ্য ফাঁস করলেন নিজেই। সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘আমার ছেলে হওয়ার পরে প্রচন্ড মোটা হয়ে গেছিলাম। তারপর আমি একজন নিউট্রিশনিস্টের তত্ত্বাবধানে ছিলাম। তার পরামর্শ মেনে নিজেকে সুস্থ রেখেছি, ওজন নিয়ন্ত্রণে রেখেছি। তিনি ডক্টর শম্পা। উনি শমরিতা হাসপাতালে বসেন। উনার আন্ডারে আমি ৯ মাস একটা ডায়েট করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘মানুষ অনেক কথা বলে যে আমি ওষুধ খেয়েছি। পেট কেটেছি। এই সেই। আসলে এসব কিছুই করিনি। একটা নিউট্রিশনিস্টের আন্ডারে আমি ডায়েট করেছি ৯ মাস। এবং ওই ৯ মাসে আরেকটা জিনিস আমার কমন ছিল। সেটা হলো ৪০ মিনিট থেকে এক ঘন্টা হাঁটা। হাঁটার উপরে কোনো এক্সারসাইজ নেই। হ্যাঁ, হাঁটলে মনটাও ভালো থাকবে দেখবেন। এক ঘন্টা হেঁটে বাড়ি ফিরে দেখবেন আপনার মনটা আসলে অন্যরকম হয়ে যাবে। অনেক ভালো লাগবে।’ এখন আর সেভাবে মডেলিং করেন না মৌ। তবে নৃত্যে এখনও সরব তিনি। বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে নৃত্য পরিবেশন করেন মৌ। তিনি কাজ করেন নাটকেও। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’, ‘মায়ার খেলা’, ‘চণ্ডালিকা’ ও ‘নকশীকাঁথার মাঠ’ ইত্যাদি।
