ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিবের প্রিন্সের টিজার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ পায় ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র টিজার। প্রি ব্লাস্ট প্রকাশ পেতেই যে যেখানে যে অবস্থায় সেখান থেকেই হুমড়ি খেয়ে পড়েন। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসেন কিং খান। প্রি ব্লাস্ট প্রকাশের দিন দুপুর দেড়টার দিকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তা শেয়ার দেন শাকিব। এরপর বয়ে যায় সুনামি! দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৭ লাখ বার দেখা হয়। বর্তমানে সংখ্যাটি তিন মিলিয়নের অধিক।
ঝলকের শুরুতেই ভয়েস ওভারে দেওয়া হয় প্রিন্সের দাপটের বর্ণনা। বলা হয়, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুইরা বেড়ায়। কিছু থাকে নেকড়ে। ভয়ংকর! আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’ এরপরই প্রিন্সরূপে শাকিবের মারকাটারি অবতারের আগমন। দুই হাতে বন্দুক চালাচ্ছেন। কখনও প্রতিপক্ষের বুকে সীসা ঢুকিয়ে দিচ্ছেন। কখন ঝাপিয়ে পড়ছেন সর্বশক্তি নিয়ে। কণ্ঠে তাচ্ছিল্যের সুর, ‘সব শেয়াল কুকুর দেখি একসঙ্গে হইছে। এরপরই হুমকি, ‘আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’
পুরো প্রি ব্লাস্টে আগ্রাসী ভঙ্গিতে দেখা গেছে শাকিবকে। এক ঝলক দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে। বলিউডের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। প্রি-ব্লাস্ট মুহূর্তেই ব্লাস্ট করেছে। লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন শাকিবিয়ানরা। কারও কথায়, ‘মাথা নষ্ট করা টিজার।’ কেউ বলছেন, ‘নতুন ইতিহাস তৈরি করবে।’ অন্য একজন বলছেন, ‘ওই কীরে ওই কীরে, প্রিন্স পুরাই আগুন।’
ছবিতে ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। আরও দেখা যাবে টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখকে। ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
