কনা-লিমনের ‘প্রেমের গল্প’

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

একটি প্রেমের গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা, ভালোবাসা, আকুলতা। আর স্বপ্নে ভরা সেই গল্পে হৃদয়ের আবেগ যেন প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে উঠে এসেছে, যা শ্রোতার মনে ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা। এমনই সিনেমাটিক গল্পে এবারে রোজার ঈদে সান প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে দিলশাদ নাহার কণা এবং শেইখ লিমন’র দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। সুনামগঞ্জের নিলাদ্রী ও তাহিরপুরের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানের সঙ্গে মিল রেখে গল্প নির্ভর মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এই মিউজিক্যাল ফিল্মে দর্শক দেখেতে পাবেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অনবদ্য রসায়ন। মিউজিক্যাল ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি জানালেন, ‘প্রেমের গল্প’ গানটি যখন শুনলাম খুবই ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করলো আমার ভীষণ ভালো লেগেছে, মনে হলো আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে চিনবে । মডেল ও অভিনেত্রী চমক বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই, আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এই টাইপের চরিত্র আগে কখনও করা হয়নি যেটা দেখলে দর্শকরা বুঝবে। পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস আপনাদেরও সবার ভালো লাগবে এবং সবার মনে দাগ কেটে যাবে। কনার ভাষ্য, ‘প্রেমের গল্প’ গানটির অংশ হতে পেরে ভালো লাগছে এবং আভরাল সাহির গানটি দারুণ বানিয়েছেন আর সহশিল্পী শেইখ লিমন গানটি দারুন গেয়েছেন।