‘দম’ দিয়ে কি পায়ের তলায় মাটি ফিরে পাচ্ছেন পূজা
* সাফল্যের সূর্য নিভু নিভুই ছিল তার * অস্তিত্ব সংকটের সময় পূজার পাশে দাঁড়িয়েছে রেদওয়ান রনির ‘দম’
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির জন্য এবারের রোজার ঈদ ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। ক্যারিয়ারের টানা কয়েক বছরের খরা কাটিয়ে ওঠার শেষ সুযোগ পেয়েছেন ‘দম’ সিনেমার মাধ্যমে। পরীক্ষায় সফল। তার অভিনয় ও সৌন্দর্যে বুদ দমের দর্শক। তাদের দাবি, দমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের নিচে মাটি ফিরে পেলেন এই অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজার নায়িকা হিসেবেও বড় পর্দায় সাফল্য নামের সোনার হরিণের দেখা পান। ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এর মতো সিনেমা দিয়ে পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের শুরুতেই পান তারকাখ্যাতি। তবে পথটা মসৃণ থাকেনি বেশিদিন। একের পর এক সিনেমা ব্যর্থ হতে থাকে তার। মধ্যে শাকিব খানের সঙ্গে গলুই দিয়ে আলোচনায় এলেও নিজের আলোয় জ্বলে ওঠা আর হয়নি। সাফল্যের সূর্য নিভু নিভুই ছিল তার। এরপর ক্যারিয়ারে জ্বীন, টগরসহ যেসব ছবি যুক্ত হয়েছে সেসব ব্যর্থ নায়িকার কাতারে পূজার নাম তুলতে সাহায্য করে। সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের কাছে আফসোসের আরেক নাম হয়ে ওঠেন এ অভিনেত্রী।
তবে অস্তিত্ব সংকটের সময় পূজার পাশে দাঁড়িয়েছে রেদওয়ান রনির ‘দম’। ঈদে মুকিপ্রাপ্ত এ সিনেমায় আফসান নিশো, চঞ্চল চৌধুরীর মতো তিনিও নিজের আলোয় উজ্জ্বল। ছবিটি পূজার ক্যারিয়ারকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন বলে মত অনেকের। তবে কি ‘দম’ ডুবতে বসা ক্যারিয়ার উদ্ধার করতে পারবেন পূজা? সেটা সময় বলে দেবে। পূজা চেরির রুপালি পর্দায় যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘ভালোবাসার রঙ’ ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’ এবং ‘কৃষ্ণপক্ষ’-এর মতো চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। নায়িকা হিসেবে অভিষেক হয় ২০১৮ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’-এর মাধ্যমে।
পূজার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘প্রেম আমার ২’, কলকাতার সিনেমা ‘হুল্লোড়’, বহুল আলোচিত ‘গলুই’ (শাকিব খানের বিপরীতে), ‘সাইকো’, ‘শান’, এবং ‘হৃদিতা’।
