আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ নরেন্দ মোদি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

মারা গেছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশা ভোঁসলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই মোদি তার এক্স হ্যান্ডেলে প্রয়াত গায়িকার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করে লেখেন, ‘ভারতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোঁসলেজির মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি আরও লিখেছেন, ‘কয়েক দশকব্যাপী তার অসাধারণ সংগীতযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তার হৃদয়স্পর্শী সুর হোক বা প্রাণবন্ত কম্পোজিশন, তার কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব।’

এরপর প্রধানমন্ত্রী গায়িকার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘তার পরিবার, অনুরাগী এবং সংগীতপ্রেমীদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এবং তার গান মানুষের জীবনে চিরকাল অনুরণিত হবে।’ সাত দশকেরও বেশি সময় ধরে আশা ভোঁসলে একাধিক ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক বহু ভাষাতেই গান গেয়েছেন। তার বাংলা গানের সম্ভারও ব্যাপক। তার প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি উদীয়মান গায়কদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতামূলক পুরস্কার থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।